বিএনপির পূনর্বাসন কেন্দ্রে পরিণত বিসিবির অ্যাডহক কমিটি

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। গতকাল ৭ এপ্রিল এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এদিকে নতুন এই কমিটি বিএনপির পূনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে দাবি করে বিতর্ক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কমিটির তালিকার সদস্যদের রাজনৈতিক পরিচয় থেকে দেখা যায়, এই কমিটির অন্যতম ও একমাত্র নারী সদস্য রাশনা ইমাম। যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। এছাড়া কমিটির সদস্য মির্জা ইয়াসির আব্বাস হলেন বিএনপির সাংসদ ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে। এছাড়া ইব্রাহিম আহমেদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছেলে। এদিকে নতুন এই কমিটির সদস্য ইসরাফিল খসরু হলেন বিএনপি নেতা ও বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরির ছেলে এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। ফাহিম সিনহা হলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার ভাতিজা। এদিকে কমিটিতে স্থান পেয়েছেন জনপ্রিয় দুই ক্রিড়াবিদ আতাহার আলি খান ও মিনহাজুল আবেদীন। এছাড়া বাকি সদস্যদের মধ্যে রফিকুল ইসলাম, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানির কোন রাজনৈতিক পরিচয় তেমন পাওয়া যায়নি। তারা বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন। এদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা ও ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক।
এদিকে বিসিবির নতুন এই অ্যাডহক কমিটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন নেটিজেনরা। সুলতাম মোহাম্মদ জাকারিয়া নামে একজন লেখেন “শেখ পরিবারকেন্দ্রিক একটি রাজবংশমূলক কাঠামোর ওপরই মূলত পুরো ব্যবস্থাটি গড়ে উঠেছিল, যদিও দলের অন্যান্য শীর্ষ নেতারাও একই পথ অনুসরণ করেছিলেন। আমরা মরিয়া হয়ে সেই অবস্থার অবসান চেয়েছিলাম। আমাদের তরুণদের বিপুল আত্মত্যাগের পর দেশকে মেধাভিত্তিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল—এটাই ছিল জুলাই বিপ্লবের মূল চেতনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন মনে হচ্ছে, বিএনপি সেই শেখ পরিবারের জায়গায় নিজেদের একটি নতুন রাজবংশ গড়ে তুলতে চায়”।
সুমাইয়া আনজুম কাশফি লেখেন, “শেইম শেইম। এধরনের ঘটনার জন্য লজ্জা হওয়া উচিৎ”।
তবে বিতর্ক যাই থাকুক না কেন, সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কমিটির মেয়াদ প্রায় ৩ মাস এবং তাদের প্রধান কাজ হলো বিসিবির কার্যক্রম পরিচালনা করা ও নতুন নির্বাচন আয়োজন করা।







