চাঁদা না দেওয়ায় ভোলার চরফ্যাশন উপজেলায় যুবলীগ নেতার নেতৃত্বে দক্ষিণ আইচা থানা যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় আফসার নামে ইউনিয়ন যুবদলের এক নেতা গুরুতর আহত হন। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আইচা বাজারের চৌধুরী মার্কেট ভবনের নিচতলায় থানা যুবদল কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আফসার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি। তিনি ওই এলাকার একজন তরমুজ চাষি।
অভিযুক্তরা হলেন- একই ওয়ার্ডের তোফাজ্জল মাতব্বরের ছেলে থানা যুবলীগের সদস্য মো. নূরনবী মাতব্বর (৪৫), ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহাজল সিকদারের ছেলে আ. শহিদ ভুট্ট (৫০), সাইদের ছেলে মো. রবিউলসহ (৩৫) আরও ২০-৩০ জন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দক্ষিণ আইচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আফসারসহ কয়েকজন চাষি চর আইচা মৌজার ৮ নম্বর ওয়ার্ডে তরমুজ চাষ করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তারা যুবদল অফিসে ঢুকে চাঁদা দাবি করলে চাষিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
এ সময় অভিযুক্তরা তরমুজ চাষিদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে তারা যুবদল অফিসের চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। হামলায় আহত আফসারকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার জানান, রাতে থানা যুবদল অফিসের মধ্যে বসে থাকা অবস্থায় থানা যুবলীগের সদস্য নুরনবী মাতাব্বরের নেতৃত্বে হঠাৎ ২০-৩০ জন প্রবেশ করে ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি ও তরমুজ চাষি আফসারের ওপর হামলা চালায়। এ সময় তারা অফিসে হামলা করে মালামাল ভাঙচুর করেন।
নূরনবী ফোনে জানান, আফসার আমাদেরকে গালিগালাজ করায় ক্ষিপ্ত হয়ে হামলা করেছি। এরপর তিনি আর কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।