কক্সবাজারে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শনিবার এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রাজশাহীতে এক কলেজ শিক্ষকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এছাড়া, বরিশালে চাঁদা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের সড়ক ও ড্রেন নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ছাত্রদল নেতাদের দাবি, নিম্নমানের কাজের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-
কক্সবাজার : শহরের পল্লানকাটা এলাকায় চাঁদা না দেওয়ার জেরে ছুরিকাঘাতে যুবক গণেশ পাল খুন হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে তার লাশ নিয়ে আসা হয়। এ সময় তার স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এর আগে দুপুর ২টার দিকে পল্লানকাটায় একটি বাড়ির সামনে গণেশ পালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
গণেশ পাল শহরের পৌরসভা মার্কেটের ব্যবসায়ী। তার ভাই আশীষ পাল যুগান্তরকে বলেন, ‘পল্লানকাটায় ভাই নতুন বাড়ি তৈরি করেছে, সেখানে সে সেপটিক ট্যাংক বসাচ্ছিল। সে সকালেও দোকানে আমার সঙ্গে ছিল। পরে বাড়ির কাজ দেখার জন্য চলে যায়। বাড়ি নির্মাণ করার কারণে স্থানীয় কিছু যুবক রাজনৈতিক প্রভাব দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। তারাই আমার ভাইকে মেরেছে, আমি খুনিদের ফাঁসি চাই।’
জিসান নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত জিসান পল্লানকাটা এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে। স্থানীয় এক বাসিন্দা জানান, জিসান সন্ত্রাসী প্রকৃতির, এলাকায় চাঁদাবাজ নামে পরিচিত তার ১৫ থেকে ২০ জনের গ্রুপ আছে। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেফতার করা হোক।
কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ বলেন, ‘দিনদুপুরে চাঁদার জন্য এভাবে খুন মেনে নেওয়া যায় না, আশা করছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে। বিষয়টি খতিয়ে দেখছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ‘লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
রাজশাহী : এক কলেজ শিক্ষকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধরের অভিযোগ উঠেছে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জুয়েল মামলা করলে শুক্রবার রাতে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন-শাহ মখদুম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পদক আব্দুল্লাহ আল মারুফ শিহাব এবং রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা আবু সুফিয়ান চন্দন। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই মিজান।
গত ৫ মার্চ বৃহস্পতিবার থানায় করা এজাহারে শিক্ষক আসাদুজ্জামান জুয়েল উল্লেখ করেন, গত তিন মাস থেকে ছাত্রদল নেতা শিহাব এবং চন্দন তার কাছে লাখ টাকা চাঁদা দাবি করছেন। না দেওয়ায় গত বছরের ২৬ নভেম্বর চাকু দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেন। সর্বশেষ গত ৪ মার্চ বুধবার রাত ১০টার দিকে তার কাদিরগঞ্জ এলাকার বাসার নিচে তাকে একা পেয়ে মারধর করেন এবং আবারও প্রাণনাশের হুমকি দেন।
এদিকে শুক্রবার রাত ১০টায় গ্রেফতারের আগে মহানগরীর নিউমার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা শিহাব এবং চন্দন। সংবাদ সম্মেলনে তারা বলেন, শিক্ষক আসাদুজ্জামান আওয়ামী সমর্থক এবং বিভিন্নভাবে দলটির পক্ষে কাজ করেন। ওই শিক্ষক নিয়মিতভাবে কলেজে দায়িত্ব পালন করেন না এবং শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন।
তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ও শিক্ষক জুয়েল আওয়ামী পক্ষে কাজ করেছেন। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি মহানগরীর কুমারপাড়ায় ধ্বংস হয়ে যাওয়া আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর ঘটনার সঙ্গেও শিক্ষক জুয়েলের সম্পৃক্ততা রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করায় তিনি আমাদের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবি এবং তাকে মারধরের অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক জুয়েল বলেন, তাদের অসংখ্য ভয়েস রেকর্ড আমার কাছে আছে। আমি বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করিনি। বরং সহযোগিতা করেছি। এর প্রমাণ আছে। আমি নিয়মিত কলেজে ক্লাস নিই। নিজেদের বাঁচাতে তারা এখন নানা ধরনের কথা বলছেন।
বরিশাল : চাঁদা দাবি করে না পাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সড়ক ও ড্রেন নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় ঠিকাদারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত হয়নি। ছাত্রদল নেতাদের দাবি, ঠিকাদারের কাজের অনিয়মের বিষয় সামনে আনায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ছাত্রদলের এই তিন নেতা হলেন-বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও ছাত্রদল নেতা আজমাইন সাকিব। অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আপত্তি তুললে শিক্ষার্থীদের সঙ্গে ঠিকাদার পক্ষের বিরোধ হয়। এর জেরেই নিজেদের দায় এড়াতে থানায় এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দেওয়া হয়েছে।
কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ধারা এন্টারপ্রাইজের প্রতিনিধি এবিএম আওলাদ হোসেন ২ মার্চ বন্দর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘ধারা এন্টারপ্রাইজ ও বিল্ডার্স কন্ট্রাক্টস অ্যান্ড সাপ্লায়ার-এই দুই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে আরসিসি সড়ক নির্মাণ কাজের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। কাজটি স্বাভাবিকভাবে এগিয়ে চলছিল। ১ মার্চ সকাল ১০টার দিকে ছাত্রদল নেতা আজমাইন সাকিবের নেতৃত্বে উল্লিখিত বিবাদীরা এবং অজ্ঞাতনামা ১০-১৫ জন সেখানে এসে কাজে বাধা সৃষ্টি করেন। এ সময় তারা কাজের ভাগের টাকা হিসাবে চাঁদা দাবি করেন।’ অভিযোগে আরও বলা হয়, ‘চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং ঠিকাদারকে গালাগালসহ ভয়ভীতি ও হুমকি দেন।’
ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, তিনি শুধু নিম্নমানের কাজের প্রতিবাদ করেছেন এবং মানসম্মত নির্মাণ নিশ্চিতের দাবি তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও ঠিকাদারের প্রতিনিধি আওলাদ হোসেন তার ছবি তোলেন এবং নিজেকে বিএনপির পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। এ বিষয়ে আওলাদ হোসেন বলেন, ‘ঘটনার দিন আমি বিশ্ববিদ্যালয়ের কাজ তদারকি করছিলাম। এ সময় আজমাইন সাকিব এসে বলেন, এখানে কাজ করতে পারবেন না, ঢালাই বন্ধ করেন। বিশ্ববিদ্যালয়ে কাজ করতে হলে রড, বালু ও পাথর টেস্ট করে কাজ করতে হয়, আমি তো সেভাবেই করি।’
আওলাদ হোসেনের অভিযোগ, ছাত্রদল নেতা রেজা শরীফ এসব কাজের নেপথ্যে রয়েছেন। তার নেতৃত্বেই এগুলো ঘটে। চাঁদা চাওয়ার কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে আওলাদ হোসেন বলেন, ‘আমার কাছে কোনো প্রমাণ নেই। যারা চাঁদা চায়, তাদের চেনার জন্য আমি একটা ছবি তুলেছিলাম, সেটাও ছাত্রদল নেতা আজমাইন সাকিব আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ডিলিট করে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, ঠিকাদার অন্যায়ভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে ছাত্রদলের আজমাইন সাকিবসহ শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। ঠিকাদার বরিশালের বিভিন্ন নেতাদের দিয়ে আমার কাছে নালিশ করিয়েছেন। কয়েক দিন পর ক্যাম্পাসে গিয়ে দেখি, ভালোমানের পাথর ও মালামাল আনা হচ্ছে। তিনি তখন ঠিকাদারকে বলেন, ভালোমানের পাথর, বালু ও রড দিয়ে কাজ করলে তো কেউ কাজ বন্ধ করতে আসত না, ভালো সামগ্রী দিয়ে কাজ করেন। তার সঙ্গে আমার টাকা-পয়সা বা চাঁদা সম্পর্কিত কোনো কথাই হয়নি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে আসছে এরা।
জানা গেছে, উপ-প্রকৌশলী মুরশীদ আবেদিন নিজে ও ঘনিষ্ঠদের মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত কাজ পেয়ে আসছেন। প্রতিষ্ঠানগুলো হলো-ধারা এন্টারপ্রাইজ, আমেনা কনস্ট্রাকশন এবং এমএস মাকিন ট্রেডার্স। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ঠিকাদারের প্রতিনিধি লিখিত অভিযোগ দিয়েছেন। চাঁদাবাজির অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।