মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে ও মাহিম শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে। তারা নবীনগর উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নারুই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাব্বি ও মাহিম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল দুটিতে থাকা আরও তিন আরোহী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সিফাত জানান, নিহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত বাকি তিনজনের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







