রাজশাহীর পুঠিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রকাশ্যে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সকালে দোকান খুলে বসা অবস্থায় এক মাদকাসক্ত যুবকের হামলায় নিহত হন মামুনুর রশিদ জুয়েল (৪৮)। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন জুয়েল। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) তার দোকানে ঢুকে নেশার জন্য চাঁদা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, স্থানীয়রা অভিযুক্তকে আটকে রেখেছিল। পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকাসক্তদের বেপরোয়া আচরণ দিন দিন বাড়ছে। সামান্য চাঁদা না দেওয়ার জেরে এমন হত্যাকাণ্ড জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।