রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ র্যাবে দায়িত্ব পালনকালে কথিত ক্রসফায়ার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে সারা দেশে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় এক হাজার মামলার কপি তদন্ত সংস্থার কাছে জমা পড়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত কার্যক্রম জোরদার করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়। একই মামলায় আসামি থাকা ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।