নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) পরিদর্শনে আসবেন, তাই হাসপাতালে ভর্তি হন ভোটের দিন ‘আহত’ হওয়া বিএনপির ২৩ নেতাকর্মী। পরিদর্শন শেষে এমপি হাসপাতাল ছাড়ার পরপরই তাদেরও আর খুঁজে পাওয়া যায়নি। বিকেলের মধ্যেই তারা হাসপাতাল ত্যাগ করেন। এমন পরিদর্শন কাণ্ডে হয়রানির শিকার হয়েছেন হাসপাতালে আগে থেকে ভর্তি থাকা রোগীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আসেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। দুপুর ১টার দিকে পরিদর্শন শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
শপথ গ্রহণের প্রায় এক সপ্তাহ পর নিজ এলাকায় এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও নির্বাচনে আহত নেতাকর্মীদের দেখতে যান এমপি সরওয়ার জামাল নিজাম। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে সাওয়াজ নিজাম সনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকুসহ স্থানীয় নেতাকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টার দিকে ২৩ জন ‘আহত’ ব্যক্তি জরুরি বিভাগে এসে ভর্তি হন। তাদের ভাষ্য ছিল, সংসদ নির্বাচনের দিন বিভিন্ন স্থানে মারামারি-সংঘর্ষে আহত হন তারা। পরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর আবার অসুস্থ বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
তাদের অনেকের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ মোড়ানো ছিল। এসব রোগীর মধ্যে বারশত দুধকুমড়া গ্রামের আলী হোসেন, মঈন উদ্দিন, নাছির খান, পরৈকোড়া ইউনিয়নের নেজাম উদ্দিন ও উত্তম তালুকদার ছিলেন। বিকেলের মধ্যেই তারা রিলিজ নিয়ে চলে যান।
এমপির আগমন ঘিরে আগে থেকে ভর্তি থাকা কয়েকজন রোগীকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। তাদের জায়গায় সাময়িকভাবে ভর্তি করা হয় ১১ দিন আগে ‘আহত’ হওয়া নেতাকর্মীদের।
আগে থেকে হাসপাতালে ভর্তি থাকা আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে নতুন করে ভর্তি হওয়া ব্যক্তিদের সেখানে তোলা হয়। পরে এমপি চলে যাওয়ার পর তারা আবার শয্যা ফিরে পান।
আরেক রোগী মোহাম্মদ হোসেন বলেন, ৩০ থেকে ৪০ জন লোক এসে জানান—এখানে ভিআইপি রোগী আসবেন, তাই তাদের নেমে যেতে হবে। এরপর ওই ব্যক্তিরা তাদের সিটে অবস্থান নেন। এমপির পরিদর্শনের সময় তার ছেলে প্রত্যেককে দুই হাজার টাকা করে দিয়ে যান। এ সময় তারা বাইরে ছিলেন, তাদের সঙ্গে কেউ কথা বলেননি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, কিছু রোগী ফলোআপের জন্য সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসব রোগীকে দুটি পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। নিয়মিত রোগীদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ সত্য নয়।
বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে ভর্তির বিষয়ে মন্তব্য জানতে চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। হাসপাতাল পরিদর্শনের সময় তার সঙ্গে থাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকুকে ফোন করা হলে তিনিও ধরেননি।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।