“দিস ইজ নট শাহবাগ স্কয়ার”, হাসনাতকে স্পিকারের তিরস্কার

সংসদে চলমান উত্তপ্ত বিতর্কের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে তিরস্কার করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।” তিনি অসহিষ্ণুতা পরিহার করে সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এ সময় সংসদে হইচই ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ পাসকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দল অভিযোগ তোলে, সংসদের বিশেষ কমিটির বৈঠকে যে সমঝোতা হয়েছিল, তা ভঙ্গ করে সরকার একতরফাভাবে বিলটি পাস করেছে। এর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউটও করে।
বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান এবং চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফায় বক্তব্য দেন। তাদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাল্টা বক্তব্য রাখেন। দুই পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে তর্ক-বিতর্ক চলে, যা ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়।
বিতর্কের এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে স্পিকার হস্তক্ষেপ করেন। তিনি অতীতের সংসদের সঙ্গে বর্তমান সংসদের তুলনা করে বলেন, বর্তমান সংসদ অনেক বেশি সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর। তবে তার এই বক্তব্যের সময়ই নিজের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি হইচই শুরু করলে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়।
এ সময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, “এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।”
স্পিকারের এই মন্তব্যের পর সংসদে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এর মধ্যেই তিনি বক্তব্য চালিয়ে যান এবং বলেন, সংসদে কথা বলার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত উল্লেখ করে তিনি সদস্যদের নোটিশ দিয়ে কথা বলার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, যথাযথ প্রক্রিয়ায় উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
জুলাই স্মৃতি জাদুঘর বিলকে ঘিরে এই বিতর্ক এবং স্পিকারের হস্তক্ষেপ সংসদের ভেতরের রাজনৈতিক উত্তেজনা ও মতপার্থক্যের চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে।
টিআই/







