ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসরকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় লুৎফুর রহমান সাজু নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয়দের অভিযোগ, জুয়ার আসর বন্ধে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে উপজেলার দুল্লা ইউনিয়নের ইছাখালী টগারঘাট এলাকায়। নিহত লুৎফুর রহমান সাজু চণ্ডীমণ্ডপ চতল গ্রামের বাসিন্দা এবং দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
আহতরা হলেন- বিন্নাকুড়ি এলাকার আব্দুল্লাহ ওরফে লম্বা আব্দুল্লাহ, মলাজানির খাটো আব্দুল্লাহ এবং টগারঘাট এলাকার আ. রহিম। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুল্লা ইউনিয়নের মলাজানি, বিন্নাকুড়ি ও ইছাখালীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছিল। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নাম ভাঙিয়ে এসব জুয়ার আসর পরিচালনা করত। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে এলাকাজুড়ে ক্ষোভ বাড়তে থাকে।
এদিকে, বিন্নাকুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহর ছেলে জাহিদুল সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে জানতে পারেন, তাঁর বাবা নিয়মিত ওই জুয়ার আসরে যাতায়াত করছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে টগারঘাট এলাকায় জুয়ার আসর ভাঙতে যান।
সেখানে গিয়ে নিজের বাবাকে জুয়া খেলায় লিপ্ত অবস্থায় দেখে জাহিদুল উত্তেজিত হয়ে ওঠেন এবং উপস্থিতদের গালাগাল করতে থাকেন। এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান সাজু এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে সাজুসহ চারজনকে মারধর করা হয়। এতে সাজু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রশীদ জানান, জুয়া খেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে, যার ফলেই সাজুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. লুৎফর রহমানের সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান জানান, ঘটনাস্থলের একটি কলাবাগানে নিয়মিত জুয়া খেলা হতো।
তবে জুয়ার আসরের সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা আছে কি না—এমন প্রশ্নে তিনি তা অস্বীকার করে বলেন, ‘আমরা নিয়মিত জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
টিআই/
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।