রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার মধ্যরাতে চালানো এ অভিযানে ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি সেখানে ডিজে পার্টিরও আয়োজন করা হতো। বিভিন্ন বয়সী নারী-পুরুষ বাড়িটিতে গিয়ে মাদক সেবন করতেন। এ ধরনের কার্যক্রমের তথ্য পাওয়ার পর ডিবির উত্তরা বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়।
বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত রয়েছেন।
অভিযান সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়া নেওয়া ব্যক্তিরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করছিলেন। অভিযানে মোট ৮৫ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে ২৬ জন নারী।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সাজা নিশ্চিত করার কার্যক্রম চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।








