রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। মো. রাকিব হোসেন (২৪) নামের ওই আসামির জামিনের আদেশ দেওয়া হয়েছে পুলিশের প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত। গতকাল রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

রোববার দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মেহেদী হাসান বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা করছেন এই আইনজীবী।

গত ২৯ আগস্ট ভোরে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিলা পারভিন (৫৬)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিলা। ওই দিন ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নামার পর স্বামীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। ওই মামলাতেই রাকিব হোসেন আসামি।