যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পলাতক আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান ও কটূক্তি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. ইউনূসকে ঘিরে একদল ব্যক্তি বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।
ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তাঁদের মধ্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার এবং যুবলীগ নেতা সাগরের নাম এসেছে।








