রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। একই সঙ্গে দল থেকেও তাঁর পদত্যাগের কথা জানা গেছে।

দলীয় সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম জানিয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিএনপির শীর্ষ নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকেও ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, দুই শতাধিক ব্যক্তি সেখানে হামলা চালিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেয়। এ সময় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকাসহ বিভিন্ন সামগ্রী লুটের অভিযোগও ওঠে।

ঘটনার পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য সামনে আসে। তাঁদের মধ্যে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের নামও উঠে আসে। প্রথম আলোর অনুসন্ধানে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জমি নিয়ে আলোচনায় থাকা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। ২০০৬ সালে মিষ্টি শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ওই সমিতির সভাপতি ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বর্তমানে ওই সমিতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং হামলা-ভাঙচুরের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

রাড্ডা কাণ্ডের পর বিএনপির সাংগঠনিক পর্যায়েও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের সঙ্গে রাড্ডা ঘটনার সরাসরি সম্পর্ক উল্লেখ করা না হলেও একই সময়ে এসব সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কারকাজ শুরু হয়েছে এবং আংশিকভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু হয়েছে। ভেঙে দেওয়া স্থাপনার বিভিন্ন অংশ পুনর্নির্মাণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে তাঁর বা অন্য কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মিষ্টি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ালে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় বিএনপির পক্ষ থেকে নেওয়া কঠোর সাংগঠনিক পদক্ষেপের ধারাবাহিকতায় এটি হবে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।