সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ওসি রাকিবুল হাসানের কণ্ঠসদৃশ কথোপকথন শোনা যায়। সেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গসহ পুলিশের সক্ষমতা নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাকে। তবে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরলেও ‘কিছু হবে না’। একইসঙ্গে পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করেন তিনি। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলেও তাকে বক্তব্য দিতে শোনা যায়।

গত দুই দিন ধরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। অডিওটি ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানাল ডিএমপি।