'ছাত্রলীগ' পরিচয়ে প্রবাসীর স্ত্রীর স্বর্ণ চুরি, ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রলীগ ও আওয়ামী লীগের পরিচয় দিয়ে এক প্রবাসীর স্ত্রীর প্রায় ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিমানবন্দর থানা শাখার সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ, বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকার নিয়ে গাড়িতে ওঠার পর পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে সেগুলো নিয়ে নেন অভিযুক্তরা। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রিপন ও শান্তকে পদ থেকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।
ঘটনায় বিমানবন্দর থানায় করা অভিযোগপত্রে বলা হয়, গত ২৮ আগস্ট পারিবারিক প্রয়োজনে মাদারীপুর থেকে প্রায় ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠানো হয়। ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ভুক্তভোগীর পরিবারের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম করে স্বর্ণালংকার নেন অভিযোগকারী মো. সুমন ও তার পরিচিত রোহান চৌধুরী।
অভিযোগপত্র অনুযায়ী, স্বর্ণালংকার নিয়ে তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি এলাকায় অভিযুক্তরা তাদের পথরোধ করেন। পরে গাড়ি থেকে নামিয়ে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে সুমন ও রোহানের কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে নেন তারা। অভিযোগপত্রে সুমনের কাছে থাকা ১০০ গ্রাম এবং রোহানের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিটি ১০০ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হিসেবে উল্লেখ করে অভিযোগকারী মোট প্রায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তির মাধ্যমে অভিযুক্তদের বিষয়ে তথ্য পাওয়া যায়। এ ছাড়া পথচারীদের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা ভিডিও সংগ্রহ করে সেগুলো দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হয়। পরে বিভিন্ন মাধ্যমে অভিযুক্তদের নাম-পরিচয় জানার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়।
অভিযোগে অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে মো. রিপন হোসেন ও আল-আমিন হোসেন শান্ত রয়েছেন। অভিযোগকারী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
ছাত্রদল থেকে বহিষ্কার
এদিকে ঘটনার অভিযোগের পর ঢাকা মহানগর উত্তর ছাত্রদল বিমানবন্দর থানা শাখার সভাপতি রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।
সোমবার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়ে রিপন হোসেন ও আল-আমিন হোসেন শান্তর বক্তব্য পাওয়া যায়নি।








