আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয় মাসেই সাফল্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের ভঙ্গুর মনোবল ফিরেছে

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের ভঙ্গুর মনোবল ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সরকারের দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি। এটিকে সরকারের অন্যতম কৃতিত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীসহ সব শৃঙ্খলা বাহিনীকে সরকার দায়িত্ব নেওয়ার সময় ভঙ্গুর মনোবল ও ভঙ্গুর অবস্থায় পেয়েছিল। গত ছয় মাসে তাদের অবস্থার উন্নতি করা সম্ভব হয়েছে। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে।
তিনি বলেন, ‘সরকার ছয় মাস অতিক্রম করেছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নেই, এমন কোনো অপরাধ নেই, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বা বিচারের আওতায় আনতে পারেনি—একটি ঘটনাও নেই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করছে। অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে।
রংপুরের একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয়ভাবে আলোচিত কিংবা আলোচনার বাইরে থাকা হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের ক্ষেত্রেও সরকার যথাযথ ব্যবস্থা নিতে পেরেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘এরকম হত্যাকাণ্ডের মতো যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয়নি, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সোপর্দ করতে পেরেছি।’
ক্ষেত্রবিশেষে সমাজের চাহিদা অনুযায়ী স্বল্প সময়ে বিচারিক কার্যক্রম শেষ করার জন্যও সরকার সহযোগিতা করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামের শান্তি ও ন্যায়বিচারের বাণী অনুসরণের ওপরও গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিশ্ব যদি ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করে, তাহলে যুদ্ধ-বিগ্রহ থাকবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে এবং সমাজে শৃঙ্খলা বজায় থাকবে। কিন্তু মানুষ সেই বাণী ও আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের আজকের এই দিনে নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন-আদর্শকে অনুসরণ করি এবং মিয়ারে হক হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন-আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু অগ্রগতি হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে এই স্বল্প সময়ের মধ্যে সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
‘সব কিছুই আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না’—বলেন সালাহউদ্দিন আহমদ।








