বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। যাতে দেশটা অচল না হয়। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন তাহলে সারা দেশের মানুষ কিন্তু জুলাই যোদ্ধা; এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না।
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় গ্রামের বাড়িতে ঈদের ৩য় দিন সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। তাকে কুলাউড়ার নিজ বাড়িতে স্বাগত জানান- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ঈদের সময় যাত্রীরা টিকেট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি। যে আশা নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবে, সেমাই খাবে তার আনন্দ তো এখানেই মাটি হয়ে গেল।
জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, মন্ত্রী বলেছেন- অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। এতো মানুষ ঢাকা ছেড়েছে। তাদের টাকা ফেরত দিতে তাদের পাবেন কিভাবে?
তিনি আরও বলেন, সরকার বিরোধীদলীয় নেতাকে যে বাড়ি দিয়েছে সেই বাড়িতে থাকব না। এটি ব্যবহার করব দেশের প্রয়োজনে। সেখানে বিদেশি মেহমানদের নিয়ে কথা বলব। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।
প্রাণবন্ত এ শুভেচ্ছা বিনিময়ে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, দক্ষিণ সুরমার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, ফেঞ্চুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক জেলা সেক্রেটারি খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম, উপজেলা নায়েবে আমির জাকির আহমেদ, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, উপজেলা শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ফরিদ উদ্দিন, শহর সভাপতি কাজী দাইয়ান আহমেদ প্রমুখ।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে ঈদের প্রচণ্ড ব্যস্ততার মাঝেও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ এলাকায় আসায় জনগণ খুশি। বাড়িতে প্রবেশের আগে তিনি নিজ গ্রামের কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। বিশাল মোটরসাইকেল বহর নিয়ে অভ্যর্থনা জানানো হয়। আজ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন। মেহমানের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব। এরা যখনই বিভিন্ন কায়দায় সন্ত্রাস করে ক্ষমতায় গিয়েছে, তখনই বেপরোয়া হত্যাকাণ্ড ও সন্ত্রাস চালিয়ে নিজেদের গদি পাকাপোক্ত করতে চেয়েছে।’
‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার কোনোভাবেই ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, এ ধরনের গ্রেপ্তার মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।
বিএনপির সমালোচনা করে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দলের নেতাকর্মীদের চাঁদাবাজির জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। মুরগির দোকান, সবজির দোকান, চায়ের দোকান এমনকি মোড়ের রিকশাচালকদের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে।