রাজধানীর ধানমন্ডি সাইন্সল্যাব মোড়ে ১৫ আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো ও খাবার বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মেজবাউল করিম জয় (২৪) এবং আসিফ আল হাবিব (তানজিল) (২৪)। নিউমার্কেট থানা যুবদল, স্থানীয় জনগণ ও কলাবাগান থানা পুলিশের সহযোগিতায় তাদের নিউমার্কেট থানায় সোপর্দ করা হয়। জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি হওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গভীর রাতে ১৫ আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো ও খাবার বিতরণ করছিলেন ওই দুই ছাত্রলীগ কর্মী। বিষয়টি টের পেয়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে পান্থপথ মোড়ে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয় জনগণ ও কলাবাগান থানা পুলিশের সহযোগিতায় তাদের নিউমার্কেট থানায় সোপর্দ করা হয়।

কে এম চঞ্চল বলেন, গভীর রাতে পোস্টার লাগানো ও খাবার বিতরণের বিষয়টি জানতে পেরে সাধারণ মানুষের সহযোগিতায় ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। পরে তাদের নিউমার্কেট থানার কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই সজীব বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় জনগণ ও কলাবাগান থানা পুলিশের সহযোগিতায় ওই দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে নিউমার্কেট থানায় আনা হয়। তারা জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি হওয়ায় আগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।