বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে ২৮ জুন

বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী ২৮ জুন (রবিবার) থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
দীনেশ ত্রিবেদী জানান, দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবার শুরু হচ্ছে। এর ফলে বাংলাদেশি পর্যটকেরা পুনরায় ভারতে ভ্রমণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে সীমিত পরিসরে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা প্রদান অব্যাহত রাখা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে আইভ্যাকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর এ ঘোষণা দেন।







