কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ সদস্যরা। ফরিদুল আলম একাধিক মামলার পলাতক আসামি বলে র্যাব জানিয়েছে। র্যাব ফরিদুলকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা র্যাবের ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। গ্রেপ্তারকৃত ফরিদুল আলম (৩৮) টেকনাফ সদর নাজির পাড়া এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের র্যাব-১৫ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার অনুসারীরা র্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় এমনই বলছেন প্রত্যক্ষদর্শীরা। র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় সদর নাজিরপাড়ার ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।