দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দুই যুবদল এবং সাত ছাত্রদল নেতা। জেলা যুবদল দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বহিষ্কার যুবদল নেতারা হলেন-নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুর রাজ্জাক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন-নন্দীগ্রাম উপজেলার সিনিয়র সহসভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আবদুল্লাহ আল শাকিল, আসিফ এবং রবিউল ইসলাম। জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।