রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছিলেন জানালেন নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতা ও সেই সময়কার সিদ্ধান্ত প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়েই সে সময় রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা। এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলা হচ্ছে, কারণ আমি তখন শপথ নিয়েছিলাম।”
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের সামনে তখন দুটি বিকল্প ছিল। একদিকে জাতীয় সরকার গঠন, অন্যদিকে ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাওয়া। তিনি বলেন, “আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে। কিন্তু সেই প্রস্তাব বিএনপি নাকচ করে দেয়। আর যদি আমরা অন্য পথে যেতাম, তাহলে আজ যারা এখানে বসে আছেন, তারা আদৌ থাকতে পারতেন কি না—সেটা সন্দেহ আছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের স্বার্থে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই তারা সরকারে অংশ নিয়েছিলেন এবং রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনে রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠেছিল। তবে তখন সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বিএনপি রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বলে দাবি করেন তিনি।
বিএনপি নেতাদের পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মির্জা ফখরুল আলমগীর সাহেব নিজেও সে সময় এ বিষয়ে কথা বলেছেন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এখন একটি নির্বাচিত সরকার রয়েছে, তাই চাইলে রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। তার মতে, বিএনপির মতো রাজনৈতিক দলের মধ্যেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য যোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব রয়েছে।







