রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে মোটরসাইকেলে এসে গুলি চালানোর ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। প্রকাশ্য রাস্তায় এলোপাতাড়ি গুলির পর মুহূর্তের মধ্যে হামলাকারীরা পালিয়ে গেলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শহীদ শাহ নেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় স্বাভাবিক ভিড় ছিল। হঠাৎ করেই দুটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়া শুরু করে। তারা দ্রুতগতিতে একাধিক রাউন্ড গুলি চালায় এবং কোনো কিছু বোঝার আগেই স্থান ত্যাগ করে। পুরো ঘটনা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় বলে জানান তারা। পথচারী মেজবাহ জানান, তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। তার ভাষায়, “দুইজন মোটরসাইকেলে এসে একেবারে কাছ থেকে মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড এবং বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আমরা দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।” ঘটনার পরপরই স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তিকে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।” তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপসহ বিভিন্ন প্রক্রিয়া চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে প্রকাশ্যে এ ধরনের গুলির ঘটনায় নিউ মার্কেট ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়। অনেকে দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। টিআই/