জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার কারণে বাসা ছাড়া নোটিশ পাওয়ার অভিযোগ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ইনফ্লুয়েঞ্চার নুরুজ্জামান কাফি। সোমবার (২৭ এপ্রিল) এক ভিডিও বার্তায় বাসা ছাড়ার নোটিশ পাওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে অনলাইনে সক্রিয় অবদান রাখা এই কন্টেন্ট ক্রিয়েটর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় কাফি অভিযোগ করেন, ‘পুরুষ মানুষের পুরো জীবনটাই মনে হয় ত্যাগ তিতিক্ষার জীবন। আজকে এনসিপি করি বলে যে বাসার চিলেকোঠায় ছিলাম সে বাসা থেকে বাসা ছাড়ার নোটিশ দিয়েছে। বাসার মালিকদের কয়েকটা পক্ষ বেশ ঝামেলা করছে।’
বাসা ছাড়তে তার ওপর একটি পক্ষ চাপ দিচ্ছে উল্লেখ করেন, ‘মালিকপক্ষের কয়েকজন ক্ষমতাসীনদলের বেশ উচ্চপদস্থ নেতা। তারা বলছে বাসা ছেড়ে দিতে।’
পাশাপাশি আরও একটি বড় ধাক্কার কথাও বলেন কাফি। তিনি বলেন, ‘ আপনারা জানেন, আমি একটা কোম্পানির সঙ্গে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ৩০০ টাকার স্ট্যাম্পে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। তারাও আজকে চুক্তি বাতিল করেছে। মানে দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ, বাসা ছাড়ার নির্দেশ একটা ত্যাগ আর কোম্পানি থেকে ফোন দিয়ে চুক্তি বাতিলের একটা ত্যাগ। এই ব্র্যান্ড থেকে ভালো একটি স্যালারি পেতাম। যেটা এখন ফেসবুকের ইনকাম কমে যাওয়ায় ভালো একটা ব্যাক-আপ ছিল তো ওটাও ক্লোজ।’
চুক্তি বাতিল করার বিষয়ে সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে হতাশা প্রকাশ করে কাফি বলেন, ‘সাকিব আল হাসানও সরকারী দলের এমপি ছিলেন তবুও তার সঙ্গে কী কোনো চুক্তি বাতিল করা হয়েছে? আসলে সরকারী দলে থাকতে পারার ভালো সুবিধা আছে, লাভ আছে, অনেক কিছু না চাইতেও পাওয়া যায়। জীবনটা আসলে জোয়ার ভাটার মতো। কখনো উপরে উঠে কখনো নিচে নামে। এটা আমার জন্য অবশ্যই একটা ধাক্কা, তবে মজার বিষয় হচ্ছে আমি এর চেয়েও বড় বড় ধাক্কা সামলে আসছি।’
রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘ বাসার মালিকরা হয়ত ভেবেছে এনসিপি করি দেখে কথা এনসিপির পক্ষে যাবে। তবে আমি সবসময় যেটা রাইট সেটাই বলি।’
ভিডিও বার্তায় নতুন বাসার খোঁজ থাকলে তাকে জানাতে নিজের ভক্ত অনুরাগীদের অনুরোধ করেছেন তিনি। তিনি জানান, ‘আমার প্রিয়জনেরা কারো কাছে চিলেকোটা এবং সেফ বাসা থাকলে জানায়েন। চিলেকোঠা পেলে ভিডিও বানাতে সুবিধা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হয়ত ভাল কিছু রাখছেন।’
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।