দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সংগঠনের সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় সংসদ ভবনসহ একাধিক স্পর্শকাতর স্থাপনাকে টার্গেট করে হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল—এমন তথ্য সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে টার্গেট করতে পারে। একই সঙ্গে বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তাদের থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জড়িত ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আগাম ব্যবস্থা হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। এদিকে, সংশ্লিষ্ট সব ইউনিটকে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সম্ভাব্য হুমকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা জানান, যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে। টিআই/