অর্থনীতি, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, অভিজ্ঞতার অভাবে ওই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং নানা ক্ষেত্রে সংকট আরও গভীর হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলায় তিন দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। স্পিকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। তার ভাষায়, “অদক্ষ হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়।” তিনি দাবি করেন, ওই সময় অর্থনীতির সূচক নিম্নমুখী ছিল এবং স্বাস্থ্যখাতেও টিকা সংকটসহ নানা সমস্যার কারণে জনজীবনে বড় ধরনের প্রভাব পড়ে। তার বক্তব্যে তিনি হামের টিকার সংকটের উদাহরণ টেনে বলেন, এসব কারণে মানুষের জীবনহানির ঘটনাও ঘটেছে। তবে একই সঙ্গে তিনি ওই সরকারের একটি দিককে স্বীকৃতি দেন উল্লেখ করে বলেন, “তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করেছিল।” এ সময় তিনি সামরিক বাহিনীর ভূমিকাকেও ধন্যবাদ জানান, যারা ওই নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়তা করেছিল বলে তিনি উল্লেখ করেন। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়েছিল এবং নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। তার দাবি, বিভিন্ন সময়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, যার ফলে জনগণের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতভেদ থাকলেও সমঝোতার সুযোগ রয়েছে। স্পিকার আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। সফরকালে ভোলার জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং স্পিকারের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।