শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। রোববার (১ নভেম্বর) হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘জনাব মেজর (অব.) আখতারুজ্জামান সাহেব জামিন পেয়েছেন। আলহামদুলিল্লাহ।’
আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন আখতারুজ্জামান। শুনানি শেষে আজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় মামলা করেন।
উল্লেখ্য, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করে আসছিল জামায়াতে ইসলামী। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলও করে দলটি।








