হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে তার জামিন বহাল থাকার পর আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তির পর কারাফটকে তাকে স্বাগত জানান জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কামাল হোসেন ও সেলিম উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা।

এর আগে সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত আখতারুজ্জামানের জামিন বহাল রেখে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর মধ্য দিয়ে তার কারামুক্তির আইনি বাধা দূর হয়। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।

এর এক দিন আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ৪ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ করেন। এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।