নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে একটি ‘গুপ্ত দল’ যুক্ত হয়ে চক্রান্ত ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ও ওই দলের আচরণ এবং বক্তব্যে মিল রয়েছে। অতীতের মতো এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যে প্রমাণ থাকার কথা, তা আছে। পরাজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।’
বিএনপির বিরুদ্ধে অতীতে চালানো অপপ্রচারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একসময় বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রচার করা হতো। পাশাপাশি বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবেন না বলেও প্রচারণা চালানো হয়েছিল। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে, সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন বলে জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এসব লিফলেটে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো অনেকটা ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) মতো কাজ করবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরকারের অর্থনৈতিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, সরকার প্রতিশ্রুতি দিলে তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, সরকারের চালু করা ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমে যাবে।
রিজভী বলেন, ‘এটাই তারেক রহমানের সরকারের বড় অর্জন।’
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






