বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদক উদ্ধার ও ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতির ঘটনা বেড়েছে বলে অভিযোগ করে সরকারের সমালোচনা করেন তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বাংলাদেশ পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনা থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি বোঝা যায়। তাঁর অভিযোগ, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন জামায়াতের আমির।
পোস্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের বিষয়টিও তুলে ধরেন তিনি। এসব জনদুর্ভোগ নিরসন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
তিনি লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!’
তরুণদের জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’






