অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক রেজাউল করিম রনির নামযুক্ত একটি নেইমপ্লেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি কক্ষের বলে দাবি করা হলেও রনি তা অস্বীকার করেছেন। তবে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন জানিয়েছেন, একটি অনুষ্ঠানের গবেষণার কাজে ফ্রিল্যান্সার হিসেবে রনিকে রাখা হয়েছে এবং তিনি বিটিভির একটি কক্ষে অন্য চারজনের সঙ্গে বসেন।

ভাইরাল হওয়া ছবিটির সত্যতা অনুসন্ধান করতে গিয়ে দ্য ডিসেন্ট ছবিটি বিটিভি ভবনে তোলা হয়েছে বলে নিশ্চিত হয়েছে। ছবিটির মূল আলোকচিত্রের মেটাডাটা যাচাই করেও এর সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ছবিটি তুলেছেন বিটিভির একজন কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে মেটাডাটা যাচাইয়ে সম্মতি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে কিছু পোস্টে দাবি করা হয়, এটি বিটিভির একটি কক্ষের নেইমপ্লেট, যেখানে বসেন রেজাউল করিম রনি। তবে রনি নিজের নামে বিটিভিতে কোনো কক্ষ থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

দ্য ডিসেন্টকে রনি বলেন, “কেন? বিটিভিতে হবে কেন? আমার নেমপ্লেট, আমার রুমের ছবি। বিটিভির হবে কেন?”

ছবিটি তাঁর সম্পাদিত ‘জবান’ পত্রিকার কার্যালয়ে তোলা কি না, জানতে চাইলে তিনি শুধু বলেন, “আমার অফিসে।” তবে তাঁর অফিসটি কোথায়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

বিটিভিতে তাঁর নামে কোনো কক্ষ নেই বলে দাবি করে রনি বলেন, “বিটিভিতে আমি তো জয়েন করি নাই। বিটিভিতে তো আমি চাকরি করি না, আমার রুম থাকবে কেন? আরে ভাই, এটা কমনসেন্সের ব্যাপার না? যেখানে আমি জয়েন করি নাই, ইয়ে করি নাই, সেখানে আমার নামের রুম থাকবে কেন? আমি বিটিভিতে যাই, বসি, কাজ করি। আমি তো বিটিভিতে প্রোগ্রাম করি রেগুলার, হ্যাঁ বিটিভিতে আমি রেগুলার যাই। প্রত্যেক সপ্তাহে দুইবার, তিনবার যাই।”

বিটিভিতে তাঁর নামে কোনো কক্ষ নেই এবং সেখানে তিনি বসেন না—এমন প্রশ্নের জবাবে রনি ‘হুম’ বলে সম্মতি জানান।

তবে রনির বক্তব্যের সঙ্গে বিটিভির মহাপরিচালক কাজী জেসিনের বক্তব্যে পার্থক্য পাওয়া গেছে। দ্য ডিসেন্টকে তিনি বলেন, “বিটিভির কোনো প্রোগ্রামের জন্য প্রয়োজন হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্নজনকে দিয়ে সব সময়ই কাজ করানো হয়ে থাকে। আমাদের একটা প্রোগ্রামের রিসার্চের জন্য তাকে (রেজাউল করিম রনি) রাখা হয়েছে ফ্রিল্যান্সার হিসেবে। সে এখানে আসে, একটা রুমে পাঁচজন বসে, সেই রুমে সেও (রেজাউল করিম রনি) বসে। এটা কোনো চুক্তিভিত্তিক নিয়োগও না।”

অর্থাৎ, বিটিভিতে চাকরি বা চুক্তিভিত্তিক নিয়োগ না থাকলেও একটি অনুষ্ঠানের গবেষণার কাজে ফ্রিল্যান্সার হিসেবে রনিকে যুক্ত রাখার কথা জানিয়েছেন মহাপরিচালক। একই সঙ্গে তিনি বিটিভির একটি কক্ষে রনির বসার বিষয়টিও নিশ্চিত করেছেন।

দ্য ডিসেন্টকে বিটিভির আরও অন্তত দুটি সূত্র জানিয়েছে, রেজাউল করিম রনির নামযুক্ত নেইমপ্লেটের ছবিটি বিটিভি ভবনে তোলা। একটি সূত্রের দাবি, বিটিভির প্রধান কার্যালয়ের ১২ তলা ভবনের পঞ্চম তলায় বসেন রনি। একই তলায় মহাপরিচালক কাজী জেসিনের কক্ষ। প্রায় এক মাস ধরে সেখানে রনিকে বসতে দেখা যাচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।

সূত্রটি আরও জানায়, বিটিভির বিভিন্ন কক্ষে কর্মরত ব্যক্তিদের নামের পাশাপাশি তাঁদের পদবি এবং গ্রেড উল্লেখ থাকে। তবে রনির নামযুক্ত নেইমপ্লেটে শুধু নাম রয়েছে, পদবি নেই।

ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, রনি যে কক্ষে বসেন, সেটি আগে বিটিভির পরিচালক (প্রশাসন)-এর কক্ষ ছিল। বর্তমানে বিটিভিতে ওই পদে কেউ নেই। রনি সেখানে বসেন—এ বিষয়টি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানা।

এদিকে রনি বিটিভিতে নিজের নামে কোনো কক্ষ থাকার কথা অস্বীকার করলেও মহাপরিচালক কাজী জেসিনের বক্তব্যে বিটিভির একটি কক্ষে তাঁর বসার বিষয়টি উঠে এসেছে। ফলে ভাইরাল হওয়া নেইমপ্লেটের ছবিটি নিয়ে রনি ও বিটিভির মহাপরিচালকের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা দিয়েছে।