সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের ভূমিকা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দুই বাংলাদেশির বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশের দূতাবাস কিংবা কনস্যুলেটের সম্পৃক্ততা ছিল কি না, তা জানা প্রয়োজন। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্যে দণ্ড কার্যকরের পর বিষয়টি জানার কথা উঠে আসায় এ বিষয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রতিটি দেশ তার বিদ্যমান আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে। তবে মৃত্যুদণ্ডের মতো গুরুতর বিষয়ে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের জন্য দূতাবাস দায়িত্ব পালন করেছে কি না, তা সরকারকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ ধরনের অপরাধের প্রবণতা থাকলে তা প্রতিরোধে সরকার ও দূতাবাস কী উদ্যোগ নিয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা চান জামায়াতের আমির।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো প্রবাসী বাংলাদেশি যেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় দূতাবাসের কাছ থেকে তাঁর প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের মর্যাদা রক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার বিষয়ে প্রবাসীদের সচেতন করাও সরকারের অন্যতম দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা-পর্যালোচনার চেয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করাই সবার জন্য উত্তম। তিনি লেখেন, ‘যা-ই ভালো, তাই বিকশিত হোক।’