প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যকে ‘মিসাইল’ আখ্যা দিয়ে মগবাজার ও বাংলামোটর তছনছ হয়ে যাওয়ার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সমালোচনা করে তিনি বলেছেন, এসব দলে নুরের মতো কোনো নেতা নেই। ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত সংশ্লিষ্ট দলগুলোকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে।’ তিনি বলেন, বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। তবে জামায়াত ও এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে।

রাশেদ খান আরও লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন কোনো নেতা নেই বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘নেতার যে বারুদ বজ্র কণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত-এনসিপিতে নেই।’

ভিপি নুরের রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের দৃঢ়তার প্রসঙ্গ টেনে রাশেদ খান লেখেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। তাঁর ভাষায়, ‘গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।’

পোস্টের শেষাংশে ভিপি নুরকে ক্ষেপানোর পরিণতি সম্পর্কে জামায়াত, শিবির ও এনসিপিকে সতর্ক করেন রাশেদ খান। তাঁর দাবি, নুরকে ক্ষেপানোর খেসারত দলগুলোকে করুণভাবে দিতে হবে।

রাশেদ খানের এসব মন্তব্যের বিষয়ে জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও এনসিপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।