পুলিশের বিরুদ্ধে ‘হয়রানি এবং অবৈধ ডাম্পিংয়ের’ অভিযোগ এনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন।

এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা দেয়। বিক্ষোভ সমাবেশে শতাধিক অটোরিকশাচালক অংশ নেন।

চালকদের অভিযোগ, রাস্তায় অটোরিকশা আটক করার পর সেগুলো ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বনিম্ন ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। দরিদ্র চালকদের পক্ষে এই জরিমানা পরিশোধ করা বা ডাম্পিং থেকে গাড়ি ছাড়িয়ে আনা কঠিন হয়ে পড়ে।

এ ছাড়া অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর সংযোগ কেটে দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের এই হয়রানি ও ডাম্পিং বন্ধ না হলে তাদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।