বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বই উপহার হিসেবে দেওয়ার ঘটনায় এবং সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের মন্তব্যের প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, ‘৯৫ শতাংশ মুসলমানের দেশে বিশ্বজয়ী কোরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এমন একটি পবিত্র ও গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে ইসলামি আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাবিরোধী মানসিকতার লেখক ইউভাল নোয়াহ হারারির বই উপহার হিসেবে প্রদান অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও মুসলমানদের ঈমানী অনুভূতিতে চরম আঘাত।’

তারা আরও বলেন, ‘পবিত্র কোরআনে সমকামিতাকে ঘোরতর অপরাধ ও সীমালঙ্ঘন হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ উক্ত লেখকের চিন্তাধারা ও বইয়ের বিষয়বস্তু ইসলামি আকাইদ ও আখলাকের পুরোপুরি সাংঘর্ষিক।’

হেফাজতের নেতৃদ্বয় বলেন, প্রধানমন্ত্রীর অগোচরে দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলা বা কোনো ষড়যন্ত্রের কারণে এটি ঘটেছে কি না, তা অবিলম্বে তদন্ত করে দেখা প্রয়োজন। তারা হাফেজদের হাত থেকে বইটি অবিলম্বে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত ইসলামি ঐতিহ্যবাহী গ্রন্থ দেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সরকারি ও ইসলামিক অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের জন্য একটি দায়িত্বশীল স্ক্রিনিং কমিটি গঠনেরও দাবি জানান তারা।

বিবৃতিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যেরও সমালোচনা করেন হেফাজতের আমির ও মহাসচিব। আইনমন্ত্রীর ‘কোরআনের আলোকে সংবিধান রচনা করা যেতে পারে, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না’ বক্তব্যের প্রসঙ্গে তারা বলেন, ‘আইনমন্ত্রীর এই বক্তব্য মুসলমানদের ঈমান-আকিদার ওপর মারাত্মক আঘাতস্বরূপ।’

তারা বলেন, ‘পবিত্র কোরআন কোনো মানুষের রচিত সাময়িক আইনপত্র নয়; এটি বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর নাজিলকৃত অনাদি ও চূড়ান্ত সংবিধান। মানুষের রচিত সংবিধান পরিবর্তনশীল ও সংশোধনযোগ্য হলেও আল্লাহর কালাম অপরিবর্তনীয় ও চিরন্তন সত্য।’

হেফাজতের নেতারা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির অবস্থান থেকে পবিত্র কোরআনের মর্যাদা ও বিধান নিয়ে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। তারা আইনমন্ত্রীকে এ বিষয়ে জাতির সামনে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য প্রত্যাহার এবং তওবা করার আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, ঈমান, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হানে এমন যেকোনো আচরণের বিরুদ্ধে দেশের তাওহিদী জনতা সর্বদা সোচ্চার থাকবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।