সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। ফলে জুলাই থেকে বর্ধিত বেতনের প্রাপ্য অংশের বকেয়াও পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামোয় নির্ধারিত বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে।
অর্থাৎ নতুন বেতনকাঠামো একবারে পুরোপুরি কার্যকর না হয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। গত ১ জুলাই থেকেই এটি কার্যকর হিসেবে গণ্য হওয়ায় ওই তারিখ থেকে প্রাপ্য বর্ধিত বেতনের অংশ পরবর্তী সময়ে বকেয়া হিসেবে পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন বেতনকাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য সব সুবিধা পাবেন।
নতুন বেতনকাঠামোয় ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। এর সঙ্গে বিভিন্ন ধরনের ভাতাও আনুপাতিক হারে বাড়বে।
নতুন কাঠামোয় সর্বনিম্ন ২০তম গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার তথ্যও প্রকাশিত হয়েছে। প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতনকাঠামো বাস্তবায়নের জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিই নতুন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সুপারিশ চূড়ান্ত করে।
এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
পরে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এর প্রায় তিন সপ্তাহ পর শনিবার অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।








