কুরআনের আদর্শ অনুসরণ করলে মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, কুরআন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। কুরআনের শিক্ষা মানুষের চরিত্র গঠন ও আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার কারিমিয়া কমপ্লেক্স অডিটোরিয়ামে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কুমিল্লা উত্তর জেলার আয়োজনে কুরআন শিক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন।

তিনি বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই কুরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, বর্তমান প্রজন্মকে কুরআনের শিক্ষা ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত করা গেলে সমাজে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বৃদ্ধি পাবে। কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কুমিল্লা উত্তর জেলার সভাপতি হাজী মোহাম্মদ মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন মুফতি আনোয়ার শাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।