ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের চলমান গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাজধানীর শাহবাগ ও টিএসসি এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বাসিত বলেন, উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচারের মাধ্যমে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রদল রাজপথে সব ধরনের চক্রান্ত রুখে দেবে।

তিনি বলেন, গুজব ও অপপ্রচার কখনোই সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে দেশের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু সত্যকে আড়াল করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। ছাত্রদল যুক্তি, বস্তুনিষ্ঠ তথ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে রাজপথে এর উপযুক্ত জবাব দেবে। তিনি দেশের ছাত্রসমাজকে সব ধরনের গুজবে কান না দিয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মসূচি শেষে নেতারা গুজব প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবি জানান।