বিভক্ত পৃথিবীতে মুহাম্মদ (সা.) কেন আজও প্রাসঙ্গিক?
বিজয়ের পর প্রতিশোধ নয়, ক্ষমা

ইতিহাসে বিজয়ীর অভাব নেই। কেউ যুদ্ধ করে রাজ্য জয় করেছেন, কেউ বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, আবার কেউ মানুষের চিন্তা ও দর্শনে বড় পরিবর্তন এনেছেন। কিন্তু বিজয়ের পর পরাজিত মানুষের সঙ্গে বিজয়ীর আচরণ কেমন ছিল—ইতিহাসের সেই অধ্যায়গুলোই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ ক্ষমতা পাওয়া যতটা কঠিন, ক্ষমতা হাতে আসার পর নিজেকে সংযত রাখা তার চেয়েও কঠিন।
প্রায় দেড় হাজার বছর আগে মক্কায় এমনই এক ঘটনা ঘটেছিল। হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর অনুসারীরা বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে অপমান করা হয়েছে, তাঁর অনুসারীদের ওপর নানা ধরনের অত্যাচার চালানো হয়েছে। শেষ পর্যন্ত তাঁকে নিজের শহর ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। কিন্তু সময় বদলাল। একদিন তিনি আবার মক্কায় ফিরলেন—এবার বিজয়ী হিসেবে।
সেদিন চাইলে তিনি প্রতিশোধ নিতে পারতেন। তাঁর সামনে ছিল সেই মানুষগুলো, যারা একসময় তাঁকে ও তাঁর অনুসারীদের কষ্ট দিয়েছিল। কিন্তু বিজয়ের মুহূর্তে তাঁর আচরণ ছিল অন্যরকম। প্রতিশোধের বদলে তিনি ক্ষমা ও শান্তির পথ বেছে নিলেন।
মক্কা বিজয়ের এই ঘটনা শুধু ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়; এটি ক্ষমতা ও নেতৃত্বেরও একটি বড় শিক্ষা। বিজয়ী হলেই প্রতিশোধ নিতে হবে—মানবসভ্যতার ইতিহাসে এমন ধারণার বিপরীতে মহানবী (সা.) দেখিয়েছেন, ক্ষমা করার ক্ষমতাও নেতৃত্বের অংশ।
আজকের পৃথিবীতে এই শিক্ষা কেন এত জরুরি, সেটিই ভেবে দেখার বিষয়।
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে খবর পৌঁছে যাচ্ছে। মানুষ আগের চেয়ে অনেক বেশি পরস্পরের সঙ্গে যুক্ত। অথচ একই সময়ে সমাজে বিভাজনও বাড়ছে। রাজনৈতিক মতপার্থক্য থেকে ব্যক্তিগত শত্রুতা তৈরি হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্য মতভেদ থেকেও মানুষ একে অন্যকে অপমান করছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের রাজনীতিও নতুন করে সামনে আসে।
এই পরিস্থিতিতে প্রায় দেড় হাজার বছর আগের একজন মানুষের জীবন আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে—ক্ষমতা হাতে এলে আমরা কী করব? প্রতিশোধ নেব, নাকি ন্যায় ও মানবিকতার পথ বেছে নেব?
কোরআনে যে মানুষ ‘উত্তম আদর্শ’
মহানবী (সা.)-এর জীবনকে বোঝার সবচেয়ে বড় উৎস কোরআন। আল্লাহ তাআলা সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতে তাঁকে মুমিনদের জন্য ‘উত্তম আদর্শ’ হিসেবে উল্লেখ করেছেন।
“নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ—তার জন্য, যে আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।”
এই আয়াতের অর্থ শুধু তাঁর ইবাদত অনুসরণ করা নয়। তাঁর জীবনের বিভিন্ন দিক থেকেই শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তিনি কীভাবে মানুষের সঙ্গে কথা বলেছেন, বিরোধীদের সঙ্গে আচরণ করেছেন, পরিবারকে সময় দিয়েছেন, তরুণদের সঙ্গে যোগাযোগ করেছেন, সমাজ পরিচালনা করেছেন এবং কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছেন—এসবও তাঁর আদর্শের অংশ।
সূরা আল-কলমের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ‘আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’
মহানবী (সা.)-এর জীবনের দিকে তাকালে এই বক্তব্যের বাস্তব রূপ দেখা যায়। নবুয়ত লাভের আগেই মক্কার মানুষ তাঁকে ‘আল-আমিন’—অর্থাৎ বিশ্বস্ত—বলে চিনত। তিনি ছিলেন সত্যবাদী ও আমানতদার। এমনকি যারা পরবর্তীতে তাঁর বিরোধিতা করেছে, তারাও তাঁর ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি।
এখানেই তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মানুষকে বড় কথা দিয়ে দীর্ঘদিন প্রভাবিত করা যায় না; শেষ পর্যন্ত মানুষের চরিত্রই তার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে।
ধর্মের সঙ্গে মানবিকতার কোনো বিরোধ ছিল না
কোরআনে মহানবী (সা.)-কে ‘সমগ্র জগতের জন্য রহমত’ হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরা আল-আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।’
রহমত বা দয়ার এই বিষয়টি তাঁর জীবনে শুধু একটি ধারণা ছিল না। শিশুদের সঙ্গে তাঁর কোমল আচরণ, দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা, এতিমদের অধিকার, প্রতিবেশীর প্রতি দায়িত্ব এবং প্রাণীর প্রতিও দয়ার শিক্ষা তাঁর জীবনে বারবার দেখা যায়।
এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। মহানবী (সা.)-এর কাছে ধর্মীয়তা ও মানবিকতা আলাদা কোনো বিষয় ছিল না। আল্লাহর প্রতি বিশ্বাসের সঙ্গে মানুষের প্রতি দায়িত্বও জড়িয়ে ছিল। একজন মানুষ নামাজ পড়ছে, কিন্তু অন্যের অধিকার নষ্ট করছে—এটি তাঁর শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আজ আমাদের সমাজে ধর্ম নিয়ে আলোচনা অনেক। কিন্তু সেই ধর্মীয়তার সঙ্গে মানুষের প্রতি আচরণ কতটা যুক্ত হচ্ছে, সেটিও ভাবার বিষয়। মহানবী (সা.)-এর জীবন সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর দেয়।
আয়েশা (রা.)-এর একটি সংক্ষিপ্ত অথচ গভীর মূল্যায়ন
মহানবী (সা.)-এর চরিত্র সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্যগুলোর একটি এসেছে উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর কাছ থেকে। তাঁকে রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তাঁর চরিত্রকে কোরআনের বাস্তব প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।
কথাটি খুব ছোট, কিন্তু এর অর্থ অনেক গভীর। কোরআনে যে সত্যবাদিতা, ধৈর্য, ন্যায়, দয়া ও সংযমের শিক্ষা রয়েছে, মহানবী (সা.) তা শুধু মানুষের সামনে বলেছেন এমন নয়; নিজের জীবনেও তা বাস্তবায়ন করেছেন।
এ কারণে তাঁর জীবনকে শুধু ইতিহাসের কিছু ঘটনা দিয়ে বোঝা যায় না। একজন মানুষ কীভাবে নৈতিক চরিত্র গড়ে তুলতে পারেন, তাঁর জীবন তারও একটি উদাহরণ।
একজন নেতাকে ঘরের ভেতর থেকেও দেখতে হয়
একজন রাজনৈতিক নেতা বা জননেতাকে আমরা সাধারণত মঞ্চে, সভায় কিংবা মানুষের সামনে দেখি। কিন্তু মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য তার ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে তার ব্যবহার কেমন—সেখানেও তার চরিত্রের অনেকটা প্রকাশ পায়।
মহানবী (সা.)-এর জীবনের এই দিকটি জানার ক্ষেত্রে উম্মুল মুমিনীনদের বর্ণনার গুরুত্ব অনেক। সাহাবিরা তাঁকে মসজিদে, যুদ্ধক্ষেত্রে, জনসমাবেশে কিংবা রাষ্ট্র পরিচালনার কাজে দেখেছেন। তাঁর স্ত্রীগণ তাঁকে দেখেছেন ঘরের ভেতরে—একজন স্বামী ও পরিবারের সদস্য হিসেবে।
আয়েশা (রা.)-সহ উম্মুল মুমিনীনদের বর্ণনা থেকে তাঁর ইবাদত, পারিবারিক আচরণ, দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত অভ্যাস সম্পর্কে অনেক কিছু জানা যায়।
আজকের পরিবারগুলোর জন্য এখানেও একটি শিক্ষা আছে। বাইরে একজন মানুষ যতই ভালো বা জনপ্রিয় হোন, ঘরের মানুষ তার চরিত্রের সবচেয়ে কাছের সাক্ষী। তাই পরিবারে সম্মান, কোমলতা ও দায়িত্বশীলতা একজন মানুষের নৈতিকতার গুরুত্বপূর্ণ অংশ।
আইনের চোখে সবাই সমান
মহানবী (সা.)-এর নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ন্যায়বিচার। আয়েশা (রা.)-এর বর্ণিত একটি ঘটনায় দেখা যায়, প্রভাবশালী পরিবারের এক নারীর অপরাধের শাস্তি এড়ানোর জন্য সুপারিশ করা হয়েছিল। তখন মহানবী (সা.) স্পষ্ট করে দেন, সামাজিক মর্যাদা অনুযায়ী আইনের প্রয়োগের ভিন্নতা হতে পারে না।
তিনি আগের জাতিগুলোর পতনের একটি কারণ হিসেবে উল্লেখ করেন—প্রভাবশালী কেউ অপরাধ করলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বল কেউ অপরাধ করলে তার ওপর শাস্তি প্রয়োগ করা হতো।
এই বক্তব্য আজও আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন যদি সবার জন্য সমান না হয়, তাহলে মানুষের মধ্যে রাষ্ট্র ও বিচারব্যবস্থার প্রতি আস্থা থাকে না। একজন ধনী বা ক্ষমতাবান ব্যক্তি যদি অপরাধ করে সহজে পার পেয়ে যান, আর একই অপরাধে একজন সাধারণ মানুষ কঠিন শাস্তি পান, তাহলে সেখানে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
মহানবী (সা.)-এর শিক্ষা হলো, ন্যায় প্রতিষ্ঠা করতে হলে পরিচয়, ক্ষমতা ও সামাজিক মর্যাদার ঊর্ধ্বে উঠতে হবে।
মদিনায় ভিন্ন মানুষকে সঙ্গে নিয়ে সমাজ গড়ার চেষ্টা
মদিনায় হিজরতের পর মহানবী (সা.)-এর নেতৃত্বের আরেকটি দিক সামনে আসে। সেখানে শুধু মুসলমান ছিলেন না; বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষও বসবাস করতেন। এই ভিন্নতার মধ্যেই পারস্পরিক অধিকার, দায়িত্ব ও নিরাপত্তার ভিত্তিতে একটি সামাজিক কাঠামো গড়ে ওঠে, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত।
এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ—ভিন্ন মত বা ভিন্ন পরিচয়ের মানুষ মানেই পরস্পরের শত্রু নয়। একটি সমাজে সবাই একইভাবে চিন্তা করবে, একই ধর্ম পালন করবে বা একই মত পোষণ করবে—এমনটা বাস্তবে সম্ভব নয়। কিন্তু ন্যায়, চুক্তি ও পারস্পরিক দায়িত্বের ভিত্তিতে ভিন্ন মানুষ একসঙ্গে বসবাস করতে পারে।
আজকের পৃথিবীতে এই শিক্ষা নতুন করে মনে করার প্রয়োজন আছে। ধর্ম, মত, রাজনীতি কিংবা পরিচয়ের পার্থক্য যেন মানুষের মধ্যে স্থায়ী শত্রুতা তৈরি না করে—এ জন্য ন্যায় ও সহনশীলতার চর্চা জরুরি।
মক্কা বিজয়ের সবচেয়ে বড় শিক্ষা
মক্কা বিজয়ের ঘটনাটি আবারও ফিরে দেখা দরকার। কারণ এখানেই মহানবী (সা.)-এর ক্ষমা ও নেতৃত্বের একটি অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়।
মক্কায় তাঁর জীবনের প্রথম পর্ব ছিল অত্যন্ত কঠিন। তিনি এবং তাঁর অনুসারীরা নির্যাতিত হয়েছেন। সামাজিক ও অর্থনৈতিক বয়কটের মুখে পড়েছেন। তাঁকে মক্কা ছেড়ে যেতে হয়েছে। কিন্তু বছর কয়েক পর যখন তিনি মক্কায় ফিরে এলেন, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এবার তাঁর হাতে ক্ষমতা। যারা তাঁকে তাড়িয়ে দিয়েছিল, তাদের অনেকেই তাঁর সামনে পরাজিত।
এই জায়গায় একজন বিজয়ী মানুষের চরিত্রের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। তিনি কী করবেন?প্রতিশোধ নেবেন? পুরোনো হিসাব মেটাবেন?নাকি একটি নতুন সমাজের জন্য নতুন পথ তৈরি করবেন?
মহানবী (সা.) দ্বিতীয় পথটি বেছে নিলেন। মক্কা বিজয় তাই সামরিক বিজয়ের চেয়ে বড় একটি নৈতিক বিজয়ের গল্প। ক্ষমতা পেয়েও প্রতিশোধকে নিজের সিদ্ধান্তের কেন্দ্র না বানানো—এটি তাঁর নেতৃত্বের অন্যতম বড় বৈশিষ্ট্য।
আজকের পৃথিবীতে আমরা এর উল্টো চিত্রও দেখি। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিশোধের তালিকা তৈরি হয়। পুরোনো বিরোধ নতুন করে সামনে আসে। এক পক্ষ ক্ষমতায় গেলে অন্য পক্ষকে কোণঠাসা করার চেষ্টা করে। এই সংস্কৃতির বিপরীতে মক্কা বিজয় আমাদের মনে করিয়ে দেয়—ক্ষমতার অর্থ শুধু প্রতিপক্ষকে দমন করার সুযোগ পাওয়া নয়; ক্ষমতার অর্থ হলো সেই সুযোগ থাকা সত্ত্বেও ন্যায় ও সংযম বজায় রাখা।
ক্ষমা কি দুর্বলতার লক্ষণ?
অনেক সময় মনে করা হয়, কাউকে ক্ষমা করা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। বিশেষ করে প্রতিপক্ষকে ক্ষমা করলে অনেকে সেটিকে পরাজয় হিসেবে দেখেন। মহানবী (সা.)-এর জীবন এই ধারণাকে ভিন্নভাবে দেখতে শেখায়।
ক্ষমা তখনই অর্থবহ, যখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ ক্ষমা করে। অসহায় অবস্থায় ক্ষমা করা আর ক্ষমতাবান অবস্থায় ক্ষমা করার মধ্যে পার্থক্য আছে। মক্কা বিজয়ের শিক্ষা এখানেই। তিনি তখন দুর্বল ছিলেন না। বরং শক্তিশালী অবস্থানেই ক্ষমার পথ বেছে নিয়েছিলেন।
তবে ক্ষমা মানে অন্যায়কে বৈধতা দেওয়া নয়। ন্যায়বিচার ও ক্ষমার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। মহানবী (সা.)-এর জীবনেও ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি আপস করেননি।অর্থাৎ ব্যক্তিগত প্রতিশোধের জায়গায় ক্ষমা, আর সামাজিক ন্যায়বিচারের জায়গায় নীতি—এই পার্থক্য বোঝা জরুরি।
বিদায় হজে মানুষের অধিকার
মহানবী (সা.)-এর জীবনের শেষ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বিদায় হজ। জাবির ইবন আবদুল্লাহ (রা.)-এর দীর্ঘ বর্ণনায় তাঁর বিদায় হজের বিভিন্ন ধাপ সংরক্ষিত হয়েছে। সহিহ মুসলিমের ১২১৮ নম্বর হাদিসে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে।
বিদায় হজের বিভিন্ন বর্ণনায় মানুষের জীবন, সম্পদ ও মর্যাদার নিরাপত্তা, জাহেলি যুগের অন্যায় প্রথা পরিত্যাগ, পারিবারিক দায়িত্ব এবং পারস্পরিক অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এসব বক্তব্য শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো একটি সুস্থ সমাজের মৌলিক ভিত্তির কথাই বলে। মানুষের জীবন নিরাপদ হতে হবে। তার সম্পদ নিরাপদ হতে হবে। তার সম্মান ও মর্যাদা নিরাপদ হতে হবে। অন্যায় প্রথা থেকে বেরিয়ে আসতে হবে।পারিবারিক দায়িত্ব পালন করতে হবে। মানুষের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করতে হবে।
আজ রাষ্ট্র ও সমাজ নিয়ে আমরা যত কথাই বলি না কেন, শেষ পর্যন্ত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই তার অন্যতম প্রধান দায়িত্ব।
খাদিজা (রা.) ও আয়েশা (রা.): নারীর দুই ভিন্ন ভূমিকার উদাহরণ
মহানবী (সা.)-এর জীবনে নারীদের ভূমিকার কথাও আলাদা করে বলা প্রয়োজন। হযরত খাদিজা (রা.) ছিলেন তাঁর প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম বিশ্বাসীদের অন্যতম। তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং নবুয়তের শুরুর কঠিন সময়ে মহানবী (সা.)-এর গুরুত্বপূর্ণ সহায়।
অন্যদিকে আয়েশা (রা.) পরবর্তী সময়ে জ্ঞান ও হাদিসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠেন। সাহাবায়ে কেরামের অনেকেই তাঁর কাছ থেকে জ্ঞান গ্রহণ করেছেন। এই দুই জীবন থেকে অন্তত এটুকু বোঝা যায়, নারীর ভূমিকা শুধু একটি ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার, ব্যবসা, জ্ঞান ও শিক্ষা—বিভিন্ন ক্ষেত্রেই নারীর গুরুত্বপূর্ণ অবদান থাকতে পারে।
আজ নারীর অধিকার ও মর্যাদা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। এসব বিতর্কের বাইরে গিয়ে মহানবী (সা.)-এর জীবনের বাস্তব ঘটনাগুলো দেখলে বোঝা যায়, নারীকে সম্মান করা শুধু কথার বিষয় ছিল না; তাঁর জীবনের সঙ্গেও তা জড়িত ছিল।
তরুণদের জন্য আত্মসংযম ও দায়িত্বের শিক্ষা
আজকের তরুণরা এমন একটি সময়ে বড় হচ্ছে, যখন তাদের সামনে সুযোগও অনেক, আবার বিভ্রান্তিও অনেক। সামাজিক যোগাযোগমাধ্যম, দ্রুত বদলে যাওয়া সংস্কৃতি, ভোগবাদ, মাদক, বেকারত্ব ও নানা ধরনের মানসিক চাপ তাদের জীবনে প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে মহানবী (সা.)-এর আত্মসংযমের শিক্ষা গুরুত্বপূর্ণ।
আবদুল্লাহ ইবন মাসউদ (রা.)-এর বর্ণিত হাদিসে দেখা যায়, একদল তরুণ বিয়ের সামর্থ্য নিয়ে আলোচনা করলে মহানবী (সা.) তাঁদের আত্মসংযমের পথ দেখান এবং সামর্থ্য না থাকলে রোজার পরামর্শ দেন। সহিহ আল-বুখারির ৫০৬৬ নম্বর হাদিসে এ শিক্ষা এসেছে।
এখানে মূল বিষয় হলো নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখা। মানুষ যা চাইছে, তা সঙ্গে সঙ্গে পাওয়ার চেষ্টা করবে—এমন জীবন দীর্ঘমেয়াদে তাকে শক্তিশালী করে না। বরং অপেক্ষা করতে শেখা, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়াই আত্মশক্তির পরিচয়।
তরুণদের প্রতি তাঁর আস্থার আরেকটি দৃষ্টান্ত উসামা ইবন যায়েদ (রা.)। অল্প বয়সেই তিনি গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পেয়েছিলেন। আজকের সমাজের জন্য এর শিক্ষা খুব পরিষ্কার। তরুণদের শুধু শাসন করে, সন্দেহ করে বা নিয়ন্ত্রণ করে ভালো মানুষ বানানো যায় না। তাদের বিশ্বাস করতে হবে, দায়িত্ব দিতে হবে, ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে।
তরুণদের সামনে শুধু নিষেধের তালিকা নয়, আদর্শও দরকার
আমাদের সমাজে তরুণদের নিয়ে কথা বলার সময় অনেকটা জুড়ে থাকে কী করা যাবে না, কী থেকে দূরে থাকতে হবে, কোন ভুল করা যাবে না—এই নিষেধের তালিকা। কিন্তু একজন তরুণকে শুধু নিষেধ দিয়ে গড়ে তোলা যায় না। তাকে একটি ভালো উদাহরণও দেখাতে হয়।
মহানবী (সা.) তরুণদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের প্রশ্ন শুনেছেন, তাঁদের দায়িত্ব দিয়েছেন এবং তাঁদের সক্ষমতার ওপর আস্থা রেখেছেন। এই পদ্ধতি আজকের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ।
একজন তরুণ ভুল করলে তাকে শুধু অপরাধী হিসেবে দেখলে হবে না। কেন সে ভুল করল, কীভাবে তাকে সেখান থেকে বের করে আনা যায়—সেটিও দেখতে হবে। কারণ মানুষকে শাস্তি দেওয়া সহজ; মানুষকে বদলে দেওয়া কঠিন। আর মহানবী (সা.)-এর জীবন মানুষ বদলে দেওয়ার সেই কঠিন কাজটিরই অসংখ্য উদাহরণ বহন করে।
বাংলাদেশের বাস্তবতায় এই শিক্ষা কতটা জরুরি
বাংলাদেশের তরুণ সমাজের বড় অংশই সম্ভাবনাময়। কিন্তু একই সঙ্গে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। মাদক, অনলাইন আসক্তি, বেকারত্ব, হতাশা, রাজনৈতিক বিভাজন এবং মূল্যবোধের সংকট তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এই পরিস্থিতিতে মহানবী (সা.)-এর জীবন থেকে কয়েকটি বিষয় বিশেষভাবে শেখা যায়।
প্রথমত, যোগ্যতার সঙ্গে চরিত্রের সম্পর্ক। দক্ষতা থাকলেই একজন মানুষ ভালো নেতা হন না; তাকে বিশ্বাসযোগ্যও হতে হয়।
দ্বিতীয়ত, জ্ঞান অর্জনের গুরুত্ব। ইসলামের প্রথম ওহির শুরুই ‘পড়ো’ আহ্বানের মাধ্যমে।
তৃতীয়ত, আত্মসংযম। স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তা করা নয়; বরং নিজের ইচ্ছার ওপর নিজের নিয়ন্ত্রণ থাকা।
চতুর্থত, দায়িত্ব নেওয়া। বয়স কম হলেই দায়িত্ব নেওয়ার অযোগ্য—এমন ধারণা মহানবী (সা.)-এর আচরণের সঙ্গে মেলে না। পঞ্চমত, অন্যের জন্য কাজ করা। নিজের সাফল্য গুরুত্বপূর্ণ, কিন্তু সমাজের দুর্বল মানুষের কথা ভুলে গেলে সেই সাফল্য পূর্ণ হয় না।
আজকের পৃথিবীতে মুহাম্মদ (সা.) কেন আরও প্রাসঙ্গিক
পৃথিবী আজ বিভক্ত। কোথাও রাজনৈতিক বিভাজন, কোথাও ধর্মীয় উত্তেজনা, কোথাও যুদ্ধ, কোথাও অর্থনৈতিক বৈষম্য। মানুষের মধ্যে যোগাযোগের সুযোগ বেড়েছে, কিন্তু পরস্পরের প্রতি সহনশীলতা সব সময় বাড়েনি।
এই বাস্তবতায় মহানবী (সা.)-এর কয়েকটি শিক্ষা সরাসরি আমাদের বর্তমান সংকটের সঙ্গে কথা বলে।
সত্যবাদিতা আমাদের শেখায় মিথ্যা তথ্য ও গুজব থেকে দূরে থাকতে। আমানতদারি শেখায় দায়িত্বের জায়গায় দুর্নীতি না করতে। ন্যায়বিচার শেখায় ক্ষমতাবান ও দুর্বল মানুষের জন্য আলাদা নিয়ম না বানাতে। দয়া শেখায় অসহায় মানুষের কষ্টকে নিজের সমস্যা হিসেবে দেখতে। আত্মসংযম শেখায় ভোগের সীমা বুঝতে। ক্ষমা শেখায় পুরোনো ক্ষোভকে সারাজীবন বহন না করতে। আর জ্ঞানচর্চা শেখায় অজ্ঞতা ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াতে।
এগুলো কোনো নির্দিষ্ট সময়ের শিক্ষা নয়। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে; কিন্তু মানুষের মৌলিক নৈতিক সংকটগুলো খুব বেশি বদলায়নি।
মানুষ এখনও মিথ্যা বলে। মানুষ এখনও অন্যের অধিকার নেয়। ক্ষমতাবান এখনও ক্ষমতার অপব্যবহার করতে পারে। মানুষ এখনও প্রতিশোধ নেয়। পরিবারে এখনও সম্পর্ক ভাঙে। তরুণরা এখনও দিক হারায়।
তাই প্রায় দেড় হাজার বছর পরও এই শিক্ষাগুলো প্রাসঙ্গিক।
মিলাদুন্নবী: নিজের দিকে তাকানোর সুযোগ
মিলাদুন্নবীকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখলে হয়তো এর গভীর অর্থটি ধরা পড়ে না। এই উপলক্ষ আমাদের নিজেদের জীবনকেও মহানবী (সা.)-এর জীবনের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ দিতে পারে।
আমরা কি সত্য বলি? আমরা কি অন্যের আমানত রক্ষা করি? আমরা কি দুর্বল মানুষের পাশে দাঁড়াই? পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের আচরণ কেমন? আমরা কি ভিন্নমতের মানুষকে সম্মান করি? ক্ষমতা বা সুযোগ পেলে আমরা কি প্রতিশোধ নিতে চাই?
নাকি ক্ষমা করার মানসিকতা তৈরি করতে পারি?
তরুণদের আমরা কি শুধু সন্দেহ করি, নাকি তাদের ওপর আস্থাও রাখি? নারীর মর্যাদা সম্পর্কে আমাদের আচরণ ও চিন্তা কতটা ন্যায়সংগত? এই প্রশ্নগুলো আসলে মহানবী (সা.)-এর প্রতি আমাদের ভালোবাসার বাস্তব পরীক্ষা।
কারণ কাউকে ভালোবাসি বলা সহজ। তাঁর নামে স্লোগান দেওয়া সহজ। তাঁর জীবনের ঘটনা নিয়ে আলোচনা করাও সহজ। কিন্তু তাঁর একটি শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা অনেক কঠিন।
সত্য বলা কখনো কঠিন। অন্যায় সুযোগ ছেড়ে দেওয়া কঠিন। কাউকে ক্ষমা করা কঠিন। নিজের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন। নিজের স্বার্থের বাইরে অন্যের কথা ভাবাও কঠিন।
কিন্তু আদর্শের আসল পরীক্ষা তো এখানেই।
শেষ কথা: বিজয়ের পর মানুষ থাকা
মহানবী (সা.)-এর জীবনকে যত গভীরভাবে দেখা যায়, ততই বোঝা যায়—এটি শুধু একজন ধর্মীয় নেতার জীবনী নয়; এটি মানুষ হওয়ার একটি শিক্ষা।
তিনি শিখিয়েছেন সত্য বলতে। আমানত রক্ষা করতে। অন্যায় না করতে। দুর্বল মানুষের পাশে দাঁড়াতে। পরিবারের সঙ্গে ভালো আচরণ করতে। ভিন্ন মানুষের সঙ্গে ন্যায় করতে। তরুণদের ওপর আস্থা রাখতে। নারীর মর্যাদা রক্ষা করতে। ক্ষমতার সঙ্গে দায়িত্বকে যুক্ত করতে।
আর মক্কা বিজয় আমাদের আরও একটি বড় শিক্ষা দিয়েছে—প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা আর প্রতিশোধ নেওয়া এক কথা নয়।
একজন মানুষ চাইলে ক্ষমতার সুযোগ ব্যবহার করে পুরোনো হিসাব মেটাতে পারেন। কিন্তু তিনি চাইলে সেই ক্ষমতাকে শান্তি প্রতিষ্ঠার জন্যও ব্যবহার করতে পারেন। মহানবী (সা.) দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন।
আজকের পৃথিবীর জন্য সম্ভবত এটাই তাঁর সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষাগুলোর একটি।
আমরা এমন এক সময়ে বাস করছি, যখন মতের অমিল খুব দ্রুত শত্রুতায় পরিণত হয়। রাজনীতিতে প্রতিপক্ষকে সহ্য করা কঠিন হয়ে পড়ে। ব্যক্তিগত জীবনে পুরোনো ক্ষোভ ভুলে যাওয়া কঠিন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপমান করা খুব সহজ, কিন্তু তার অবস্থাটা বোঝার চেষ্টা করা কঠিন।
এই জায়গায় মহানবী (সা.)-এর জীবন আমাদের থামতে শেখায়। ক্ষমতা পেলে প্রতিশোধ নয়, ন্যায়। অপমানের জবাবে অন্ধ ঘৃণা নয়, সংযম।
বিরোধের মধ্যে অন্যায় নয়, ন্যায়বিচার। দুর্বলতার সুযোগ নেওয়া নয়, দয়া। আর বিজয়ের পর প্রতিপক্ষকে মানুষ হিসেবে দেখার ক্ষমতা।
মিলাদুন্নবীর এই পবিত্র সময়ে তাই শুধু মহানবী (সা.)-এর নাম স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না। তাঁর শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণে কতটা প্রতিফলিত হচ্ছে—সেই প্রশ্নও করতে হবে।
কারণ তাঁর প্রতি ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ হয়তো তাঁর নাম উচ্চারণে নয়, তাঁর চরিত্রের একটি গুণ নিজের জীবনে ধারণ করার মধ্যে।
বিজয়ের পর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে পারা, ক্ষমতার মধ্যেও ন্যায় ধরে রাখা এবং সবকিছুর ওপরে মানুষকে মানুষ হিসেবে দেখতে পারা—মহানবী (সা.)-এর এই শিক্ষা আজও আমাদের পৃথিবীর জন্য প্রয়োজন। বরং বিভক্ত ও প্রতিহিংসাপূর্ণ এই সময়ে হয়তো আগের যেকোনো সময়ের চেয়েও বেশি প্রয়োজন।









