বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে আজ শনিবার (২২ আগস্ট)। তবে মূল সংগঠন বিএনপির শীর্ষ নেতৃত্বের ব্যস্ততার কারণে দেরি হলে সর্বোচ্চ শনিবারের পরিবর্তে রবিবার (২৩ আগস্ট) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে।

শুক্রবার (২১ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক দলটির শীর্ষ পর্যায়ের গ্রহণযোগ্য বিভিন্ন উৎস থেকে এমন তথ্য জানা গেছে।

গত ১৩ আগস্ট দিবাগত রাতে ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন। ওই পোস্টে তিনি লেখেন,“মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শোকরিয়া,অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।”

এরপর থেকে গত কয়েক সপ্তাহব্যাপী ছাত্রদলের কেন্দ্রীয় ও এর বিভিন্ন শাখার নতুন কমিটি নিয়ে আলোচনা, জল্পনা-কল্পনা চলছে। পদ প্রত্যাশীদের অনেকেই নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম তৈরি করে নিজেদের সমর্থন এবং জনবল প্রকাশ করছেন।

ছাত্রদলের নতুন কমিটি নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা ধরণের আলোচনা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে যদি ছাত্রদলের কমিটি পরিচালিত হয় তবে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তারা ভালো করবেন। তাদের প্রত্যাশা, শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিকভাবে ক্যাম্পাস গুলোতে ছাত্রসংগঠনগুলো সহাবস্থান করলে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নতুন আঙ্গিকে চলমান রয়েছে। ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন চেষ্টা করছে শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ানো। তবে সাম্প্রতিক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ-উত্তেজনার ঘটনাও ঘটতে দেখা গেছে।