২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) দেশের রাজনীতিতে প্রধান বিষয় ছিল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ এবং মন্ত্রীসভায় নতুন মুখ অন্তর্ভূক্তি।
এদিন বিরোধী পক্ষের নানা কর্মসূচি থাকলেও মূল বার্তা ছিল, প্রধানমন্ত্রীকে ভারত যেতে হলে প্রয়োজন সমতা ভিত্তিক কূটনৈতিক ব্যবস্থার কথা।
বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক মাধ্যমের সূত্রে প্রাপ্ত খবরের আলোকে দেশের রাজনৈতিক অঙ্গনের সামগ্রিক চিত্র অত্র প্রতিবেদনে তুলে ধরা হলো।
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত: বঙ্গভবনের দরবার হলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ শপথ পাঠ করান। এরই মধ্যে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন মির্জা ফখরুল।
মন্ত্রীসভায় রদবদল: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সদস্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির শপথ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে চায় সরকার। শুক্রবার সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (ব্র্যাক সিডিএম) ‘উপাচার্যদের সংলাপ: উচ্চশিক্ষার ভবিষ্যৎ গড়ে তোলা’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সংলাপে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণ এবং রাজধানীর সব নদী সরকার সংস্কার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীচরে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে শুক্রবার এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে দেখা গেছে ভারতের রাষ্ট্রপতি ভবনকে। তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য মহোড়া অনুষ্ঠানের কথা উল্লেখ ছিল।
চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য সরকার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায় বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএম-এ ইউজিসি আয়োজিত নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুল নেওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় তার নিজ জেলা কুড়িগ্রামে মিষ্টি বিতরণ করেছেন জেলা বিএনপির নেতারা।
রামপুরা একরামুন্নেছা বিদ্যালয়ে কমিটির সভাপতি নিয়ে তুঘলকি কাণ্ড: রাজধানীর রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে ‘তুঘলকি কাণ্ড’। বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা ইয়াসমিন। তবে বিদ্যালয়ে ‘সভাপতিত্ব’ করছেন তার স্বামী স্থানীয় ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন টিপু।
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পাশের দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। তিনি বলেন, এখন এই দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে। শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে মূল্যায়ন করছে সরকার: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সরকারি হাসপাতালে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না: ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা যথাযথভাবে পাচ্ছেন না। ‘পয়সা দিলে সব ঠিক, পয়সা নাই তো চিকিৎসা পাবেন না’—এমন পরিস্থিতি থেকে মানুষকে বের করে আনতে হবে। চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে: ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, রাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা নয়; বরং নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি ইসলামী রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে আদল বা ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন। শুক্রবার রাজধানীর সাভারে জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে: জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী বিগত ৬ মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগকেও হার মানিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আরমানের সঙ্গে আনিস আলমগীরের ছবি নিয়ে বিতর্ক: আলাপ নামে একটি অনলাইন প্ল্যাটফরমের এক বছর পূর্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার আরমান এমপি ও সাংবাদিক আনিস আলমহীরের একটি ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টির পর ব্যারিস্টার আরমান ব্যাখ্যা দিয়েছেন যে, সৌজন্য বশত ছবিটি তোলা হয়েছে।
কর্মসূচিবিহীন গেছে এনসিপির দিন: এ দিনে এনসিপির তেমন কোনো কার্যক্রমের সংবাদ গণমাধ্যমে দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যম সূত্রে জানা যায়, শনিবার থেকে দলটির তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভা শুরু হচ্ছে।
ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ২১ আগস্টের শ্রদ্ধাঞ্জলি: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শোকের ব্যানার টানানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিশাল আকারের ব্যানারটি দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জবিতে ২১শে আগস্টের স্মরণে ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ: ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শোক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২১শে আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে ব্যানার টানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।
সন্ত্রাসীদের শাস্তিতে উদাসীনতা হলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়াবে: নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সন্ত্রাসীদের শাস্তি প্রদানে কোনো ধরনের উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড়া পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে। শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এই মন্তব্য করেন।
এছাড়া জুমা বাদ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে নারায়ণগঞ্জ বন্দর থানা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শামীম কায়সারকে ধর্মপ্রতিমন্ত্রী করায় হেফাজতের নিন্দা: গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোনীত করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, এ নিয়োগ আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ছাত্র রাজনীতি:
পথশিশুদের পড়াশোনা ও খেলাধুলার সুযোগ করে দিল ছাত্রদল: সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এলাকায় পরিচালিত সাপ্তাহিক শিক্ষা কার্যক্রমে নতুন উদ্যম আনা হয়েছে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ করে দিয়ে তাদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রমে নতুনভাবে নানা উদ্যোগ নেওয়া হয়।
তিতুমীর থেকে জুলাই, প্রতিরোধের ইতিহাস চর্চায় ডাকসুর উদ্যোগ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেকোনো সময় ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় বেশ কয়েকজন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও যেকোনো সময় ঘোষণা হতে পারে। কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ইউনিটের নেতৃত্ব নিয়েও জোর আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সিনিয়র নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত জুনিয়র কয়েকজনের নাম আসায় সংগঠনটির ভেতরে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। এর কারণ হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনকে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনের পর দেশে চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ, শক্তিশালী হয়েছে সিন্ডিকেট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচন হলে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু নির্বাচনের পরও দেশের পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং খুনের রেশ একই আছে, চাঁদাবাজি কয়েকগুণ বেড়েছে এবং বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে। শুক্রবার দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।