বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও সুন্দর মুহূর্তের সাক্ষী হলো জাতীয় সংসদ। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উষ্ণ কোলাকুলি দেশের রাজনীতিতে এক নতুন সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ দৃশ্যের অবতারণা হয়।
২০ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে কেন্দ্রীয় বিষয় ছিল রাষ্ট্রপতি নির্বাচন। ৭০ অনুচ্ছেদের কারণে নির্বাচন অনেকটা আনুষ্ঠানিকতা হলেও সেটি সামগ্রিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। দিনের শীর্ষ খবরগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হলো।
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব) অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর ফল ঘোষণা করেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।
নতুন রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানাল দুই দেশ: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও চীনা দূতাবাস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।
বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ: বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী: বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে এবং সংশোধিত ওই বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুলের কপালে চুমু দিলেন জামায়াতের নায়েবে আমির: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানোর এক অনন্য দৃশ্য দেখা গেছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান তার সঙ্গে হাত মেলান এবং তার কপালে চুমু দিয়ে দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর পরই এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি তৈরি হয়।
‘কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে, স্বাধীনভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে’: রাষ্ট্রপতি নির্বাচন হলেও এ নিয়ে কোনো উৎসব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু কোনো উৎসব নেই। কারণ ফলাফল আগে থেকেই সবার জানা। এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে।’
বিশেষ অধিবেশনের শুরুতে পড়া হলো আলে ইমরানের ২৬ নম্বর আয়াত: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা বিশেষ সংসদ অধিবেশনের শুরুতে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর এমপি মারদিয়া মমতাজ আয়াতটির অর্থ তুলে ধরে বলেন ‘বলো, হে আল্লাহ, বিশ্ব–জাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্রক্ষমতা দান কর এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান কর এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় কর। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর ওপর শক্তিশালী।”
বিএনপি মুখে এক, কাজে আরেক- নাহিদ: বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছিলেন, তবে তা হয়নি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হয়নি। স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরো সম্মানিত হতো। তার অভিযোগ, বিএনপি মুখে এক কথা বললেও কাজে ভিন্ন অবস্থান নিচ্ছে। দলটি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে কাজ করছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
নতুন রাষ্ট্রপতির কাছে সারজিসের প্রত্যাশা: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
সিদ্ধান্ত বদলে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে ১১টি ভোট বেশি পেয়েছেন। অতিরিক্ত ভোটের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে এসেছে সরকার। এর প্রতিবাদে ভোট বর্জনের সিদ্ধান্ত নেয় দলটি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, প্রত্যাশা জামায়াত আমিরের: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এছাড়া দিনের অন্যান্য খবরের মধ্যে কোনো সামগ্রিক ইস্যু ছিল না, কিছু বিচ্ছিন্ন খবর ছিল। সেসব খবরের সারসংক্ষেপ পর্যালোচনা করা যাক।
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৯ বারের মতো পিছিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
কৃষিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, এগিয়েছে তিন বড় উদ্যোগ: সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনায় কৃষি খাতের গুরুত্বপূর্ণ তিন প্রতিশ্রুতি— কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণে লক্ষ্যমাত্রা অর্জনের দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।
• সাড়ে ১২ লাখ কৃষকের ডাটাবেজ তৈরি হয়েছে। পরিকল্পনার আওতায় আগামী তিন বছরে আড়াই কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
• ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ৪৭৫ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এরই মধ্যে প্রায় ৪৮৩ কিলোমিটার খালের কাজ শেষ হয়েছে।
• কর্মপরিকল্পনায় ছয় মাসে ২৫ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্য পূরণ হয়েছে।
জ্বালানি সংকটে রপ্তানি খাতে বড় ধাক্কা, ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্য চ্যালেঞ্জে: ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে বাংলাদেশ ৬৩.৪ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি এবং অর্থনীতিবিদদের মতে বেশ উচ্চাভিলাষী। ২০২৬ সালের ফেব্রুয়ারি-জুলাই সময়ে রপ্তানি আয় ২৪.৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ০.৯ শতাংশ বেশি। গ্যাস-বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং খাতের সমস্যা এবং বৈশ্বিক চাহিদার দুর্বলতা রপ্তানি প্রবৃদ্ধির প্রধান বাধা। এসব সমস্যা সমাধান না হলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে।
আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান: ১৭ আগস্ট মিন্টু রোডের বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ-আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে।
তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত-দীনেশ ত্রিবেদী: বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।
১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ: প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে থাকা সব বিদ্যমান কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে। কমিটিগুলো দীর্ঘদিন ধরে হালনাগাদ না থাকায় নতুন করে গঠনের সময় সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিটি কমিটিতে স্থানীয় ৩ জন গণ্যমান্য ব্যক্তি, যার মধ্যে অন্তত ১ জন নারী, অন্তর্ভুক্ত করতে হবে। অগ্রাধিকার তালিকার ৯৮টি কমিটিসহ সংশ্লিষ্ট সব কমিটি পুনর্গঠন করে ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে তথ্য জানাতে হবে।
ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের নামে করা মামলার আবেদনটি খারিজ করেছেন আদালত। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা গত বছরের ৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য কোনো উসকানি ছাড়াই ধানমন্ডি ৩২ নম্বর ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে ১ থেকে ৯ নম্বর আসামির উসকানি, দায়িত্বহীনতা ও মূল নির্দেশনায় বুলডোজার ব্যবহার করে ভবনে ভাঙচুর চালানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী: মির্জা ফখরুল পদত্যাগ করায় বিএনপির মহাসচিব পদ শুণ্য হয়। এ পদে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা; বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, চুরি ও বিক্রির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বন বিভাগ। মঙ্গলবার সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা মোবারক হোসেন ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালে সংশোধিত) ২৬(১ক)-এর (খ) ও (ঘ) ধারায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ৩৪)। মামলায় প্রধান আসামি করা হয়েছে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়াকে।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা: পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটে। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শরিফকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন-জামায়াত আমির: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লিখেছেন— ‘দ্বীন, দেশ ও জাতির কল্যাণে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.)-এর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের আজ বড়ই প্রয়োজন।
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে- প্রতিমন্ত্রী নুর: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের উগ্রবাদী সংগঠন হিসেবে উল্লেখ করেন। নুরুল হক দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ ছিল, পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। তাঁর মতে, জামায়াত-শিবির নিষিদ্ধ না হলে দেশে উগ্রবাদ বাড়তে পারে এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের বহিষ্কৃত নেতা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তিনি তা সরিয়ে ফেলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখা ছিল, ‘প্রিয় শ্যামনগরবাসী আসসালামু আলাইকুম। অনেক আশায় আমাকে প্রতিনিধি নির্বাচন করেছিলেন। আপনাদের আশাহত করার জন্য আমি ক্ষমা প্রার্থী।
এনসিপির সঙ্গে বৈঠক করলেন চীনা রাষ্ট্রদূত: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসী বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের বিরোধে ৯ ঘণ্টা বাস-ট্রাক চলাচল বন্ধ: চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাবি ছাত্রদলের বিরুদ্ধে বাম শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, বিক্ষোভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন নারী শিক্ষার্থীকে কয়েকজন যুবক কুরুচিপূর্ণ মন্তব্য ও উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অন্তু অরিন্দম আহত হয়েছেন বলে সংগঠনটি দাবি করেছে।
ওষুধের দাম নিয়ন্ত্রণের নীতিমালা পুনর্বহাল দাবি এবি পার্টির: বৃহস্পতিবার বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ওষুধের দাম নিয়ন্ত্রণের নীতিমালা বাতিল করে সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তে সাধারণ ও নিম্নআয়ের মানুষের স্বার্থ উপেক্ষিত হয়েছে এবং ওষুধ ব্যবসায়ীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ছয় মাসে সরকারের ব্যর্থতার পাল্লাই ভারী- খেলাফত মজলিস: খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ বিএনপি সরকারের প্রথম ৬ মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করে বলেন, জুলাই শহীদ ও আহতদের সহায়তা অব্যাহত রাখা, বাহ্যত প্রশাসনিক ব্যয় সংকোচন নীতি অনুসরণ, বন্ধ শিল্পকারখানা চালুর বিশেষ উদ্যোগ ও কৃষি ঋণ মওকুফের কিছু কর্মসূচি সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। তবে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হওয়ায় জনদুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। জ্বালানি নিরাপত্তার আশু নিশ্চয়তাও সরকার দিতে পারছে না। স্থানীয় সরকার বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিয়োগে দলীয় ও অযোগ্য ব্যক্তিদের পদায়ন ঘটানো হচ্ছে। বিগত ৬ মাসে তাদের ব্যর্থতার পাল্লাই ভারী।
চুরি-ছিনতাই-মাদক মামলার পরে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা: মোহাম্মদ সোলায়মান রুবেল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের সদস্য। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, জুয়া, চুরি-ছিনতাই ও ভূমি দখলসহ অন্তত ১০টি মামলা রয়েছে। কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারেও গেছেন এবং মামলাগুলো বর্তমানে বিচারাধীন। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর দলীয় শৃঙ্খলা ও নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
ছাত্রসংসদগুলোকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে- রাকসু ভিপি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ফান্ড থেকে ১ কোটি ২৯ লাখ টাকা উত্তোলন এবং এর মধ্যে ৬১ লাখ টাকার ভাউচার জমা না দেওয়ার অভিযোগে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তার দাবি, রাকসুর হিসাব এখনো চূড়ান্তভাবে বন্ধ হয়নি। অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে রাকসুকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।