১৯ আগস্ট (বুধবার) দেশের রাজনীতিতে নানা ঘটনা ঘটেছে। তবে সব ছাপিয়ে আলোচনার শীর্ষে ছিল কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশীর মৃত্যুর খবর। এ ঘটনায় ভারতে ভ্রমণকালে বাংলাদেশীরা কতটা নিরাপদ, সে প্রশ্নও উঠেছে। এছাড়া এদিনের রাজনীতির বড় আলোচ্য ছিল রাষ্ট্রপতি নির্বাচনের উন্মুক্ত ব্যালট ব্যবস্থা ও মির্জা ফখরুলের কান্না।
এদিকে গ্যাস-বিদ্যুতের সংকট নিরসনে সরকার অনেকটা নিরুপায় হয়ে, জনগণের কাছে ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছে। বিরোধী দল প্রস্তুতি নিচ্ছে ৫ সেপ্টম্বরের লং-মার্চের। তারা সরকারের সমালোচনা করলেও, অনেকটা ধীরে চলো নীতির ইশারা মিলছে তাদের কর্মসূচিতে।
সরকার
শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: নবনির্বাচিত রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। বুধবার দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন— ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।
রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে: দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ব্যালটের গোপনীয়তার চেয়ে স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোটাররা কে কাকে ভোট দিচ্ছেন তা উপস্থিত সবার কাছে দৃশ্যমান থাকবে। নির্বাচন আয়োজনের পুরো আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়ে জাতীয় গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ এ এম এম নাসির উদ্দীন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ, জরিপ: প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন? ডপলার অপিনিয়ন রিসার্চ নামের একটি প্রতিষ্ঠানের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে, বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে এ প্রশ্ন করা হয়েছিল। জবাবে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করছেন। এই মূল্যায়ন বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়—সব শ্রেণিতেই প্রায় অভিন্ন। এমনকি জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, বিরোধী দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ দশমিক ৫০ শতাংশ সমর্থকও প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট।
ম্যাজিক হবে না, দুই-তিন মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, বাস্তবতার বাইরে গিয়ে কোনো আশ্বাস দিতে চান না তিনি। তবে চলমান টিকাদান ও অন্যান্য কার্যক্রম সঠিকভাবে অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশে হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিশুদের হাম নিয়ে পরিচালিত এক যৌথ গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে তোফাজ্জলের অব্যাহতির আবেদন: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। তাঁর বিরুদ্ধে গঠিত আনুষ্ঠানিক অভিযোগ পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে ৩১ আগস্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বুধবার এই আবেদন করেন তাঁর আইনজীবী রাগীব রউফ চৌধুরী। শুনানিতে তিনি বলেন, তাঁর মক্কেলের বয়স ৭৪ বছর। তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি একজন ব্যবসায়ী, একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়, যা পরে ২০১৭ সালে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১–এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই: ডা. জাহেদ: বুধবার (১৯ আগস্ট) বিকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের নূন্যতম দায় নেই। মানুষ কষ্ট পাচ্ছে, তাই প্রধানমন্ত্রী জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আর আগে সরকার বলতো সব বন্ধ করে দেখাই আগে কি ছিল। এসব কথা বিগত দিনে বলা হয়েছে।
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোন বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। বুধবার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
নারীদের জন্য পিঙ্ক বাস চালু, নানা আলোচনা: মঙ্গলবার সরকার রাজধানীতে নারীদের জন্য পিঙ্ক বাস চালু করেছে। এতে যাত্রী ও চালক সবাই নারী। নারী চালকরা বাসগুলো নিয়ে যাত্রা করতে গিয়ে রাস্তায় নানা রকম প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন। অন্যান্য বাসের চালক ও সহকারীরা নানা রকম অসৌজন্যমূলক কথাবার্তা বলছেন নারীদের লক্ষ্য করে। এ নিয়ে মিডিয়ায় নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিএনপি আলোচনায় নানা বিশৃঙ্খলায়
প্রধানমন্ত্রীর কাছে ষড়যন্ত্রের বিচার চাইলেন এমপি বাবুল: স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। মঙ্গলবার রাতে সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড়াইগ্রামে সংঘর্ষে ১০ বিএনপি নেতাকর্মী আহত: বড়াইগ্রামে বিআরটিসি কাউন্টারের নিয়ন্ত্রণ ও বাসে যাত্রী উঠানো নিয়ে দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষে ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি বাস কাউন্টার, একটি চা স্টল ও তিনটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ও মঙ্গলবার রাতে বনপাড়া বাইপাস এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া শ্রমিক ও নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী বলে জানা গেছে।
নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি: নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের একদিন পরই নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। তবে বদলির কারণ সম্পর্কে সরকারি আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই ভাইয়ের গ্রুপের সংঘর্ষ, আহত ১০: নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় দুই ভাইয়ের নেতৃত্বাধীন দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে বুধবার (১৯ আগস্ট)। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলার আষাড়িয়ারচর এলাকায় সংঘাতের ঘটনা ঘটে। সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং একই কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল সম্পর্কে আপন ভাই। তাদের মধ্যকার দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্বে প্রায়ই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
কালীগঞ্জে কৃষক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার: লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৯ আগস্ট বিকেল ৫টায় ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির সংসদ সদস্যের ওপর হামলায় ১৫ জনের বিরুদ্ধে মামলা: সিরাজগঞ্জের রায়গঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভবনের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় সংসদ সদস্য আয়নুল হকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার পর রাজনৈতিক প্রতিহিংসা ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক শ্রাবণ সরকার ও তমাল সরকারসহ মোট ১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল: বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার কাঁদলেন দলের সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দিতে বলেন।
জিয়া দম্পতির মাজারে রিজভীর শ্রদ্ধা: বুধবার (১৯ আগস্ট) রাজধানী জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বাংলাদেশ সব দেশের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন।
জামায়াত ও এনসিপির বৃহৎ কর্মসূচি নেই, অনেকটা ধীরে চলো নীতিতে তারা
কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক: ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পৃথক দুটি ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিকভাবে নিহত এবং আরও কয়েকজন দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
জুলাই জাদুঘরে পরিবারসহ বিরোধী দলীয় নেতা: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে তিনি আকস্মিকভাবে এ পরিদর্শনে যান। প্রায় ঘণ্টাখানেক সেখানে ঘুরে ঘুরে চব্বিশের আন্দোলন ও জুলাই বিপ্লবের নানা স্মৃতি দেখেন জামায়াত আমির। এ সময় তার স্ত্রী, দুই মেয়ে, এক জামাই ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন।
লং মার্চের প্রস্তুতি সভা দুই মহানগরীর: জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্রগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগরীর আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। কিন্তু সরকার এসব ভোগান্তি নিরসনের পরিবর্তে নিজেদের ব্যর্থতা ঢাকতে জগনণের সঙ্গে তামাশা করছে। এদিকে মহানগর উত্তরও ১১ দলীয় ঐক্য ঘোষিত এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে থানা আমির সম্মেলন করেন, যাতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার সকালে হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে।
অন্যান্য
এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে ৩২ লাখ ডলারের এলসি: এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস এস পাওয়ার-১ লিমিটেডকে এলসি খোলার বিশেষ সুবিধা দেওয়ার পর এবার অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটিকে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ছাড় এবং নতুন ঋণপত্র বা এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসায় দুই বিএনপি নেতাকে হত্যা করেন আবুল হাসানাত আব্দুল্লাহ: বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দুই বিএনপি নেতাকে ক্রসফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরিশালের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে তেরতম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন নিহত কবির হোসেনের ছেলে আশিকুর রহমান আছিফ।
নাম পরিবর্তন হলেও নতুন বাহিনী র্যাবের সবকিছু উত্তরাধিকার সূত্রে পাচ্ছে: র্যাবের নতুন নামকরণ নিয়ে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস। তিনি বলেন, নাম পরিবর্তন হলেও নতুন বাহিনী র্যাবের সবকিছু উত্তরাধিকার সূত্রে পাচ্ছে, মন্ত্রিসভা-অনুমোদিত খসড়াতে এ কথা স্পষ্টভাবে লেখা আছে। যা স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকার সূত্রে পাচ্ছে না, তা হলো আমেরিকান স্যাংশন; সেটি নির্দিষ্ট নামের সঙ্গে সংশ্লিষ্ট।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের ওপর পুলিশি হামলার নিন্দা: বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদ করতে যাওয়া মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার। পৃথম বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
ছাত্র রাজনীতি
ঢাবির নিরাপত্তায় ‘অ্যাকটিভ মনিটরিং টিম’গঠনের প্রস্তাব-ডাকসুর: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার, শহিদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৈঠকে ক্যাম্পাসে উদ্বাস্তু, ভবঘুরে ও আশ্রয়হীন ব্যক্তিদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘অ্যাকটিভ মনিটরিং টিম’গঠন এবং প্রয়োজনীয় পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ডাকসুর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শোক র্যালি ও মিছিল: ১৫ আগস্ট উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল ও শোক র্যালি করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। বুধবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ মুজিব ও শেখ হাসিনার নামে স্লোগান দেয়।