ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে নানা প্রতিক্রিয়ায় কেটেছে দিন
সরকারের ব্যর্থতা দেখছে বিরোধীরা

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বাংলাদেশের রাজনৈতিক খবরের বড় অংশ জুড়ে ছিল ঢাকা-দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা নিয়ে নানাজনের প্রতিক্রিয়া। এছাড়া রেহিঙ্গাদেরকে ‘বাঙালি’ আখ্যা দিয়ে মিয়ানমারের প্রতিক্রিয়ার সঙ্গে দ্বিমত করে প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশের পক্ষ থেকে।
সরকারি তরফে দিনের অন্যান্য ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল রাজস্ব সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। অবশ্য বিরোধী দল সক্রিয় ছিল সরকারের ছয় মাসের ব্যর্থতার খতিয়ান প্রকাশে।
ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, রাজস্ব সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যদিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। তাই রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা চাই সবাইকে নিয়ে দেশ গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ ও দক্ষ অফিসার আছেন তাদের আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে রূঢ় ও অহংকারী বললেন, ভারতীয় সাবেক কূটনীতিক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে ‘‘অত্যন্ত রূঢ়’’ এবং ‘‘অহংকারী’’ বলে আখ্যায়িত করেছেন তিনি। ভারতীয় নিউজ এজেন্সিকে তিনি একথা বলেন, যা বাংলাদেশের সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে অনুবাদ করেছে।
প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনার আশ্বাস ত্রিবেদীর: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাঁকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তাঁর প্রাপ্য। রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী এ কথা বলেন। বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জিসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীরা।
ইতিবাচক সম্পর্ক তৈরির বার্তা দিল্লি থেকে: ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়, যে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারত সরকারের এ অবস্থান তুলে ধরেছেন।
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় ঢাকা: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাঙালি, গত শনিবার মিয়ানমারের দেওয়া এমন বিবৃতির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার: রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান: পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব পান অধ্যাপক মোবাশ্বের মোনেম। অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্যসহ পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়ে আলোচনা হচ্ছে: শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অন্য কারো সাথে শিক্ষকদের বেতন বা পে-স্কেল তুলনা হবে না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ: বাংলাদেশি রোগীদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা দিতে ‘ইউ টার্ন’ ক্যাম্পেইন শুরু করেছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। সোমবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে এমএইচটিসির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াতের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান।
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা দেখতে পাই, সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথই একটি সমাজকে দীর্ঘমেয়াদে অগ্রগতির দিকে নিয়ে যায়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪৭২টি এআই ক্যামেরা চালু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪৭২টি স্থানে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ ক্যামেরা স্থাপন করা হযেছে। এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৮ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ সিস্টেম চালু হয়।
এদিন সরকারের বাইরে রাজনৈতিক পরিসরে বিএনপি আলোচনায় ছিল আরও কিছু খবরের মাধ্যমে:-
সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা: সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
জুয়ার আসরে পুলিশি অভিযানে বিএনপি নেতার বাধা, গ্রেপ্তার ১৫: গাজীপুরের টঙ্গীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার টঙ্গীর বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা: চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সড়কের পাশে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিয়েছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন।
জিয়ার মাজারে বিএনপির নবনির্বাচিত ৪ স্থায়ী কমিটির সদস্যের শ্রদ্ধা: বিএনপির নবনির্বাচিত চার স্থায়ী কমিটির সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
রায়পুরায় বিএনপির নেতাকর্মী ও চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে আহত ৭: নরসিংদীর রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল। এছাড়া রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভুইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা। মঙ্গলবার মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবাসহ বাশিরুল ইসলাম বশির নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ইশ্বরদীতে অস্ত্র হাতে বিএনপি নেতার মহড়া: পাবনার ঈশ্বরদী শহরে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা জুবায়ের হোসেন ওরফে বাপ্পি (৩৫)। এদিকে অস্ত্র হাতে মহড়ার প্রতিবাদে বিএনপির অপর পক্ষের নেতা-কর্মীরা সোমবার রাতে ঈশ্বরদী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এই পক্ষের নেতৃত্বে রয়েছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
দিনটিতে জামায়াতের কার্যক্রম সীমীত ছিল সরকারের সমালোচনায়।
সরকারের সুস্পষ্ট সাফল্য নেই, অভিযোগ বিরোধী দলের: বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্য দেখা যায়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছে দলটির সেক্রিটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সরকার কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা: ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতার পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাক পাননি গাজী নজরুল ইসলাম: জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম মঙ্গলবার অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আমন্ত্রন পাননি। ১০ সদস্যবিশিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। তবে তার নাম এখনও ওয়েবসাইটে আছে। এ বিষয়ে কমিটির সভাপতি ও বিএনপিদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানিয়েছেন, জামায়াতের অনিচ্ছার কারনে স্পিকারের অনুমতিক্রমে গাজী নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি।
দিনের অন্যান্য খবরের মধ্যে ছিল এনসিপি, নিষিদ্ধ আওয়ামী লীগ, ইসলামী দল সমূহ ও ছাত্ররাজনীতির প্রসঙ্গ।
এনসিপির প্রতিক্রিয়ায় উঠে আসে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইনের প্রসঙ্গ: এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে। কিন্তু বর্তমান খসড়া আইনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনের স্বাধীন তদন্তের ক্ষমতা সীমিত করা হয়েছে। গুমের ঘটনায় তদন্তের দায়িত্বও এমন বাহিনীর হাতে দেওয়ার কথা বলা হয়েছে, যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ থাকতে পারে। তিনি বলেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে বরং আরও উল্টো পথে তাদের পা বাড়িয়েছে।
আটকের ২১ ঘণ্টার পর ছাড়া পেলেন হবিগঞ্জের মাহদী: হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ ৩ জনকে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাঁদের আটক করা হয়েছিল।
হাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল, ওসিকে প্রত্যাহার: সাতক্ষীরা সদর থানার হাজতে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওসি মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি থানার ডিউটি অফিসার পিংকি রায় ও সহকারী ডিউটি অফিসার এনিভা খাতুনকে বদলি করা হয়েছে।
দীপু মনির স্বামীর মৃত্যু: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার ৭৬ বছর বয়সে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এজন্য দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আজ আবেদন করা হতে পারে।
ইসলামপন্থিরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থিদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ইসলামপন্থী ও সৎ-যোগ্য মানুষরা নিষ্ক্রিয় থাকলে স্বাভাবিকভাবেই দুর্নীতিবাজ, অসৎ ও কমিশননির্ভর ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবে। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে আমিরে মজলিসের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন।
৬ মাসে পরিস্থিতি উন্নতি হয়নি, দাবি ইসলামী আন্দোলনের: জুলাই গণ-অভ্যুত্থানের পর ব্যক্তির পরিবর্তন হলেও রাষ্ট্রের গুণগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, রাষ্ট্রের কাছে জনগণের যা চাওয়া, তা নিয়ে কোনো মাত্রাতেই স্বস্তিজনক খবর নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, জ্বালানি খাতে দফায় দফায় হয়রানির শিকার হতে হচ্ছে, জননিরাপত্তায় তেমন কোনো উন্নতি নেই। বিনিয়োগ পরিস্থিতি ভয়াবহ। সরকারের ছয় মাস অতিক্রান্ত হলেও দেশের সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এর কারণ হলো, রাষ্ট্রের কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি, নীতিগত সংস্কার হয়নি।
দিরাইয়ে ইউএনওর অপসারণ দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি: ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইউএনও সনজিব সরকারের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মঙ্গলবার উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
ঈশ্বরদীতে কাফনের কাপড় পরে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া: পাবনার ঈশ্বরদী শহরে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা জুবায়ের হোসেন ওরফে বাপ্পি (৩৫)। গতকাল সোমবার বিকেলের ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তিনি তাঁর লাইসেন্স করা অস্ত্রটি থানায় জমা দেন।
সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগিরই এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফজলুল হক হলের সিসিটিভি ফুটেজ গোপনের প্রতিবাদে ডাকসুর মানববন্ধন: শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক শিক্ষার্থীকে নিপীড়ন এবং ঘটনার সিসিটিভি ফুটেজ গোপন করার প্রতিবাদে প্রভোস্ট অধ্যাপক ইলিয়াস আল-মামুনের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ডাকসুর বিভিন্ন সম্পাদক, সদস্য ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ অংশ নেন।








