চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটিতে মৃত তরুণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের বর্ধিত আহবায়ক কমিটিতে ৪০ দিন আগে মারা যাওয়া এক তরুণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্ধিত কমিটির ১ নম্বরে থাকা তাজরিন ফায়াজ, গত ৭ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান। এছাড়া ১৫ জনের নাম দুই তালিকায় দুইবার উল্লেখ করা হয়েছে। দলটির আহ্বায়ক কমিটির নামের বিশৃঙ্খলা নিয়ে চলছে নানা আলোচনা।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা এই বর্ধিত কমিটিতে মোট ৩১২ জনের নাম রয়েছে। এর আগে গত ১৪ মে ১৬৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
জানা গাছে, মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে কাজীর দেউড়ি মোড়ে যাচ্ছিলেন তাজরিন ফায়াজ। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তার; কিন্তু সেই খেলা আর দেখা হয়নি ২৮ বছরের এই তরুণের। খেলা শুরুর কিছুক্ষণ আগে উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে তার মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তাজরিন ফায়াজ।
এদিকে কমিটিতে ১৫ জনের নাম দুইবার অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি একজন ব্যক্তির পাশে একাধিক পদের নামও উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব যুগান্তরকে বলেন, বর্ধিত কমিটিতে অসাবধানবশত কিছু ভুলভ্রান্তি হয়েছে। প্রিন্টিং মিসটেক বলতে পারি। আগের ১৬৮ জনের কমিটি থেকে জনবল সমন্বয় করতে গিয়ে কম্পিউটার ম্যান ভুল করে ফেলেছেন। এটি সংশোধন হয়ে যাবে। সংশোধন করে কমিটির তালিকা আবার প্রকাশ করা হবে।









