জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্ণ হলো আজ। এদিন জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক পোস্ট দেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।

তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো- আজ জুলাই স্মৃতি মিউজিয়াম উদ্বোধন হয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। আব্বু সেখান থেকে ফোন দিয়েছিলো।

দেশে থাকতে আমার যাবার সুযোগ হয়েছিল। আমি দেশে আমার ফ্যামিলি আর বন্ধুদের বলব, আপনারা মিউজিয়ামটিতে যাবেন। ফ্যামিলি নিয়ে যাবেন।