বাংলাদেশ-সংশ্লিষ্ট বিষয়ে বিদেশি কূটনীতিকদের বৈঠক কাম্য নয়: ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের বৈঠক কোনোভাবেই কাম্য নয়। তবে সেটি যদি কেবল সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু বাংলাদেশ ও অন্য কোনো দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়ে থাকলে, তা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত।
শনিবার (২ আগস্ট) সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “তারা ভারতে বসে কথা বলতেই পারেন। তিনি তো ভারতের হাইকমিশনার। এখানে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা বলা যদি সৌজন্য সাক্ষাৎ হয়, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে সেটি বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া উচিত। বিরোধী দলের সঙ্গেও আলোচনা হতে পারে।”
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিদেশি কূটনীতিকদের যেকোনো গুরুত্বপূর্ণ আলোচনা স্বচ্ছ ও কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই হওয়া উচিত।
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার এমন কিছু প্রক্রিয়া শুরু করেছে, যা নিয়ে তাদের শঙ্কা রয়েছে। তার অভিযোগ, কয়েক বছর আগে অবসর নেওয়া একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে।
তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেখেই আমরা শঙ্কিত। আবার যদি এ ধরনের পাঁয়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই পুরো জাতির মধ্যে উদ্বেগ তৈরি হবে।”
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যেমন তার, তেমনি পুরো দেশের দায়িত্বও তাকে নিতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।”
বিএনপিরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি গণভোটের প্রশ্নে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে।
তার ভাষায়, “সবাই গণভোটের পক্ষে কথা বলেছিল। হঠাৎ করে তারা অবস্থান বদলে ফেলল কেন?”







