আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে আলোচিত সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে। ফেসবুকে পোস্ট করা এই ফটোকার্ডে লেখা আছে, ‘ক্ষমতায় গেলে আল্লাহর আইন চালু করতে চাই: জামাত প্রার্থী কৃষ্ণ নন্দী’। ফটোকার্ডে কৃষ্ণ নন্দীর ছবিও যুক্ত করা আছে। খুঁজেও কোনো সংবাদমাধ্যমে কৃষ্ণ নন্দীর এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফটোকার্ডেও কোনো সূত্রের উল্লেখ নেই। অনুসন্ধান চালিয়ে ‘ডেইলি মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৪ ডিসেম্বরে মূল ফটোকার্ডটি পাওয়া যায়। সেই পোস্টেও কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এই পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, এর ক্যাটাগরিতে লেখা স্যাটায়ার বা প্যারোডি ধরনের কনটেন্ট তৈরি করে তারা। এ ছাড়া পেজটিতে কৃষ্ণ নন্দীসহ আরও একাধিক রাজনৈতিক নেতাদের নিয়ে এমন ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। এটি সত্য নয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষ্ণ নন্দী খুলনা–১ আসনে প্রার্থী হয়েছেন।