স্থানীয় নির্বাচন অক্টোবরে, তফসিল আগস্টে: ইসি

আগামী আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবর থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় প্রথম ধাপে দীর্ঘদিন জনপ্রতিনিধিহীন ও মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ভোট আয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেগুলোর আইনি মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, সেগুলোকে প্রথম ধাপের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় প্রয়োজন হলে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সময়ে আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রবাসী ভোটারদের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আপাতত স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে না। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে এখনো কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদালতের নির্দেশনা এবং প্রতিবেশী দেশগুলোর আইনি কাঠামো পর্যালোচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা নাকচ করে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিদ্যমান আইনই যথেষ্ট। আইন সংশোধনের প্রস্তাব থাকলেও তা নির্বাচনের সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না। সংশোধিত আইন কার্যকর হলে কমিশন সে অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে, আর তা না হলে বর্তমান আইনেই নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে কিছু বিধান আরও স্পষ্ট করতে পর্যবেক্ষণসহ আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি পর্যালোচনার কাজ প্রায় শেষ হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত অনুমোদনের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে বলেও জানান নির্বাচন কমিশনার। একই সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিদ্যমান আইনি অস্পষ্টতা দূর করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের এই ঘোষণা অনুযায়ী, সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী আগস্টে তফসিল ঘোষণার পর অক্টোবর থেকেই ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হবে।









