শরিকদের সম্পর্ক উন্নয়নে বিএনপি, জুলাই সনদ বাস্তবায়নে চাপ বিরোধীদের

দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রধানমন্ত্রীর সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে নির্দেশনা এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক—এই তিন ঘটনাকে ঘিরে সোমবার (২০ জুলাই) দেশের রাজনীতিতে ছিল নানা আলোচনা। এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়, মাদক ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছে।
অন্যদিকে এনসিপি জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দাবি করেছে এবং দলটির এক নেতাকে মাদকসহ গ্রেপ্তারের পর বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের মালিকানাধীন ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের পাশাপাশি দলটির নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।
জনতুষ্টিমূলক কাজে ব্যস্ত সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জুলাই গণ–অভ্যুত্থানের আলোচিত মুখ মো. নাসির খানকে সচিবালয়ে ডেকে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে ওই সাক্ষাতে জুলাই গণ–অভ্যুত্থানে নিজের অংশগ্রহণ, আন্দোলনের সময়কার অভিজ্ঞতা এবং নতুন বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন নাসির।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজপ্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই প্রথম প্রধানমন্ত্রী নিজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে বৈঠক করলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম সংস্কার এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই তার অসহায় পরিবারের। এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা গেলে মশা নিধনে সিটি করপোরেশন ও উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সার্ক ও বিমসটেক একে অপরের পরিপূরক। দুটি প্ল্যাটফর্মই পাশাপাশি কার্যকরভাবে চলতে পারে। সার্ক ও বিমসটেক—উভয় প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশ ও জনগণের উন্নয়ন সম্ভব বলে তাঁরা মনে করেন। সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে বিজিবি সদর দপ্তর পরিদর্শন করেন তিনি।
বিএনপিতে যোগদানের পর এবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র মো. সাইদুর রহমান দৈনিক ইত্তেফাকের সাংবাদিক।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাইবার সক্ষমতা বাড়ানো ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনার ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার সকাল ১০টায় এমআইএসটিতে পৌঁছান শামছুল ইসলাম। তাঁকে স্বাগত জানান এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
দেশের অধিকাংশ আইনজীবীর মধ্যে মামলার প্রতি যথেষ্ট দায়বদ্ধতা ও পেশাগত নিষ্ঠার অভাব নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি কার্যক্রমে সময়, অর্থ ও জনশক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করাই হতে হবে প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সহ-আয়োজনে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরিকদের সঙ্গে ঐক্য ধরে রাখার বার্তা বিএনপির
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক রাজনৈতিক ঐক্যকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল।
জুলাই জাতীয় সনদ অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটা নিয়ে সরকার বা সরকারি দল এবং বিরোধী দলগুলো আলোচনা করতে পারে। সেখানে যদি আরও কিছু কথা বলার বা সংযোজন করার থাকে, তবে তা করতে অসুবিধা কোথায়? সোমবার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই স্মৃতি’ এবং ‘তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদ মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ২০ জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার দুপুরে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতা মো. মাসুদের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় হ্রদে তাঁর লাশ ভেসে ওঠে। এরপর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল লাশটি উদ্ধার করে।
সাতক্ষীরা-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. মো. মনিরুজ্জামান অভিযোগ করেন, নির্বাচনে ধানের শীষ প্রকৃত অর্থে পরাজিত হয়নি; বরং কারচুপির মাধ্যমে তাদের পরাজিত করা হয়েছে। সোমবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এলেও মাদকের বিস্তার আগের চেয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে। সত্য কথা বললে সরকার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব একটা খুশি হবে না। ফলে শুধু আলোচনা করে নয়, মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, ইদানীং এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ফেসবুকে দেখতে পাচ্ছেন। সরকার গঠনের মাত্র চার মাসের মধ্যে তারা প্রকাশ্যে আসছে এবং ফেসবুকে প্রচারণা চালাচ্ছে—এটি সুখকর নয় বলে মন্তব্য করেন তিনি। সোমবার পাবনার ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ১৭ বছরে মাদকের কারণে ভেঙে পড়া বাংলাদেশকে গড়তে সরকার কাজ করে যাচ্ছে। মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং কঠোর হস্তে দমন করা হবে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা মাদকের ডিলার ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে চাপ জামায়াতের
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার দুপুরে ফ্রান্স দূতাবাসে তিনি এই সাক্ষাৎ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের নারীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, চব্বিশের জুলাইয়ে আবু সাঈদসহ তরুণদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, জবাবদিহিতামূলক ও বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা। তারা রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা চেয়েছিলেন। শহীদদের সেই আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এই দাবি বাস্তবায়নে ১১ দলের ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। সোমবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখা। সোমবার উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিবছর ডেঙ্গুর কারণে বাংলাদেশে প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন যশোর-২ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই নিয়ে সরব এনসিপি
জুলাই আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদরাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা বড়িসহ জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল খান এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের তরুণদের সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। একই সঙ্গে সংগঠনটি আন্দোলনকারী তরুণ-তরুণীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
আইনি চাপে আওয়ামীলীগ নেতাকর্মীরা
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ও ভাটারা থানায় করা পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আবেদনের শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানাধীনসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের মধ্যে লোটাস কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন এজেন্সি, সাবেক এমপি বেনজীর আহমেদ, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী, ব্যবসায়ী নূর আলী, রুহুল আমিন স্বপন ও মাহবুবুর রহমান সঞ্জুর মালিকানাধীন এজেন্সিও রয়েছে।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবু জাফর নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানীগ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করে।
জুলাই সনদ নিয়ে শরিকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। একই ইসলাম একজন বলবেন, আরেকজনও একই ইসলাম বলবেন—তাহলে মানুষ যাবে কোথায়? ইসলামের নামে ভেতরে যে ধোঁকাবাজি রয়েছে, তা নির্বাচনের আগে স্পষ্ট ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে। জনরায় উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না বলে মন্তব্য করে তিনি সরকারের প্রতি জনরায়কে সম্মান করার আহ্বান জানান। সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার গঠনের পাঁচ মাস পর শরিক দল ও সমমনা জোটের শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তবে এই নৈশভোজে অংশ নেয়নি বিএনপির দীর্ঘদিনের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিএনপি গত পাঁচ মাস তাদের খোঁজ নেয়নি—এই ক্ষোভে দলটি বৈঠকে যায়নি বলে জানিয়েছেন দলের একাধিক নেতা।
আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে সতর্কতা
২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনা ও অর্জনকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে নাগরিক সচেতনতা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রোববার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসের হলরুমে আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে এক স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তিনি উপলব্ধি করেছেন, এই বৈঠকের একটি দিক ছিল প্রধানমন্ত্রী চেয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো যাতে দূরে চলে না যায়। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো জোরপূর্বক গুমের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে গুম প্রতিরোধে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নেতিবাচক আলোচনায় ছাত্রদল
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ক্যানটিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় ছাত্রদল নেতাদের দ্বারা এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম ওরফে জাহাঙ্গীর হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে মেঘনা গ্রুপ, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, প্রাণ, সিটি ব্যাংকসহ প্রায় ৩০টি দেশীয় ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
রাজনৈতিক বার্তা
সোমবারের রাজনৈতিক ঘটনাপ্রবাহে একদিকে সরকার তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বার্তা দিয়েছে, অন্যদিকে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে রাজনৈতিক ঐক্য ধরে রাখার উদ্যোগ দেখিয়েছে।
একই সময়ে জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে এবং এনসিপি জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের স্বীকৃতি ও রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি তুলেছে। ফলে জুলাই-পরবর্তী রাজনীতিতে এখন মূল প্রতিযোগিতা শুধু ক্ষমতার নয়; বরং কে জুলাইয়ের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক জবাবদিহি ও সামাজিক ন্যায়বিচারের দাবিকে বাস্তবে রূপ দিতে পারবে—সেই প্রশ্নেই রাজনৈতিক দলগুলোর অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে।









